কুষ্টিয়ায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় গত শনিবার গভীর রাতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তি হলেন উপজেলার চাপড়া গ্রামের আবদুল খালেক ওরফে ঝড়ু (৩০)। পুলিশের দাবি, খালেক চরমপন্থী সংগঠন গণমুক্তি ফৌজের সদস্য ছিলেন।কুষ্টিয়ার সহকারী পুলিশ সুপার (সদর) সি এ হালিমের ভাষ্যমতে, নাশকতা সৃষ্টির লক্ষ্যে চরমপন্থী নেতা খালেক ৮-১০ জন সঙ্গী নিয়ে উপজেলার বহলা গোবিন্দপুর গ্রামের একটি কলাবাগানে সশস্ত্র অবস্থায় বৈঠক করছেন—এমন তথ্যের ভিত্তিতে শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে কুষ্টিয়া পুলিশের গোয়েন্দা শাখার কয়েকজন সদস্য ও কুমারখালী থানার পুলিশ সেখানে যায়। চরমপন্থীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। প্রায় ১৫ মিনিট গুলিবিনিময়ের পর চরমপন্থীরা পিছু হটে। স্থানীয় লোকজন ও পুলিশ সেখানে এক ব্যক্তির গুলিবিদ্ধ মৃতদেহ পড়ে থাকতে দেখে। এলাকাবাসী মরদেহটি খালেকের বলে শনাক্ত করেন। পুলিশ ঘটনাস্থল থেকে একটি এলজি, বন্দুকের পাঁচটি তাজা গুলি, তিনটি গুলির খোসা ও একটি তরবারি উদ্ধার করেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান প্রথম আলোকে বলেন, খালেক কুষ্টিয়া সদর ও কুমারখালী থানার বিভিন্ন গ্রামের মানুষকে হুমকি দিয়ে চাঁদাবাজি করতেন। চাঁদা না পেলে তিনি মানুষ হত্যাও করতেন। খালেকের বিরুদ্ধে ওই দুই থানায় তিনটি হত্যাসহ সাতটি মামলা রয়েছে।