কুষ্টিয়ায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় গত সোমবার গভীর রাতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত হয়েছেন। তিনি হলেন ওই উপজেলার কলাবাড়িয়া গ্রামের বাসিন্দা আবদুল আলীম (৩০)। পুলিশের দাবি, আলীম চরমপন্থী সংগঠন জাসদ গণবাহিনীর কলাবাড়িয়া এলাকার কমান্ডার ছিলেন। মিরপুর থানার পুলিশের ভাষ্যমতে, নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে জাসদ গণবাহিনীর নেতা আলীম ৮-১০ জন সঙ্গী নিয়ে উপজেলার পোড়াদহ ইউনিয়নের কলাবাড়িয়া গ্রামের আক্কাসের কলাবাগানে সশস্ত্র অবস্থায় বৈঠক করছেন—এমন তথ্যের ভিত্তিতে সোমবার দিবাগত রাত একটার দিকে কুষ্টিয়া পুলিশের গোয়েন্দা শাখার কয়েকজন সদস্য ও মিরপুর থানার পুলিশ সেখানে অভিযান চালাতে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে চরমপন্থীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। প্রায় ১৫ মিনিটব্যাপী গুলিবিনিময়ের পর চরমপন্থীরা পিছু হটে। এ সময় পুলিশ ঘটনাস্থলে এক ব্যক্তির গুলিবিদ্ধ মৃতদেহ পড়ে থাকতে দেখে। গুলির শব্দে জড়ো হওয়া এলাকাবাসী লাশটি আলীমের বলে শনাক্ত করে।পুলিশ ঘটনাস্থল থেকে একটি এলজি, বন্দুকের পাঁচটি গুলি, গুলির পাঁচটি খোসা, একটি তরবারি ও চারটি ককটেল উদ্ধার করেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, নিহত আলীম কুষ্টিয়ার বিভিন্ন গ্রামের মানুষকে হুমকি দিয়ে চাঁদাবাজি করতেন। চাঁদা না পেয়ে মানুষ হত্যা করতেন। ওসি আরও জানান, আলীমের বিরুদ্ধে কুষ্টিয়ার বিভিন্ন থানায় হত্যার অভিযোগে তিনটি মামলা, চাঁদাবাজির অভিযোগ ও অস্ত্র আইনে দুটি করে মামলা এবং চারটি সাধারণ ডায়েরি (জিডি) রয়েছে।