কুষ্টিয়ায় পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' নিহত ১
কুষ্টিয়া শহরসংলগ্ন গড়াই নদের চরে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে সন্দেহভাজন এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল শনিবার দিবাগত রাত দেড়টার দিকে সদর উপজেলার হাটশ হরিপুর ফুলতলা এলাকায় গড়াই নদের চরে ‘বন্দুকযুদ্ধের’ এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম নাজমুল মালিথা (৩৮)। তিনি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার তারাগুনিয়া শালিমপুর গ্রামের বাসিন্দা।
পুলিশ ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, দুটি গুলি, দুটি ম্যাগাজিন ও ৬০০ ইয়াবা উদ্ধার করেছে।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিনের ভাষ্যমতে, রাতে গোপন খবরের ভিত্তিতে তাঁরা জানতে পারেন, হরিপুর এলাকায় গড়াই নদের চরে মাদক কেনাবেচা ও টাকা ভাগ–বাঁটোয়ারা নিয়ে মাদক ব্যবসায়ীদের মধ্যে গোলাগুলি হচ্ছে। খবর পেয়ে পুলিশ সেখানে যাওয়ার পর মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। একপর্যায়ে পুলিশ সেখানে একজনের গুলিবিদ্ধ দেহ পড়ে থাকতে দেখে তাঁকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়। হাসপাতালের চিকিৎসক গুলিবিদ্ধ ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন।
ওসি জানান, লাশটি পরে মাদক ব্যবসায়ী নাজমুল মালিথার বলে শনাক্ত হয়। লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বন্দুকযুদ্ধে কুষ্টিয়া মডেল থানার কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে তিনি জানান।