কুষ্টিয়ায় পৃথক দুর্ঘটনায় দুই কিশোর নিহত
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় আজ বৃহস্পতিবার পৃথক সড়ক দুর্ঘটনায় দুই কিশোর নিহত হয়েছে।
নিহত কিশোরেরা হলো দৌলতপুর উপজেলার বদিনাথতলা গ্রামের শনিত আলীর ছেলে সাকিল আহমেদ (১৩) ও মহিষকুণ্ডি গ্রামের মহিদুল ইসলামের ছেলে শাকিল হোসেন (১৪)। শাকিল স্থানীয় বি সি কে মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ সকালে শাকিল আল্লারদর্গা গ্রামে নানাবাড়ি থেকে সাইকেলে করে নিজের বাড়ি বদিনাথতলায় ফিরছিল। পথে সোনাইকুণ্ডি এলাকায় বিপরীত দিক থেকে আসা জ্বালানি তেল সরবরাহকারী লরির সঙ্গে তার সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। লরির চাপায় ঘটনাস্থলেই সে মারা যায়। এ সময় লরির চালক পালিয়ে যান। পরে এলাকাবাসী লরিটি ভাঙচুর করে ও পুলিশে খবর দেয়। পুলিশ লরিটি আটক করে।
অন্যদিকে বেলা একটার দিকে শ্যালো ইঞ্জিনচালিত পাওয়ার টিলার দিয়ে জমি চাষ করার সময় পাওয়ার টিলার উল্টে গিলে এর নিচে চাপা পড়ে শাকিল গুরুতর আহত হয়। মাঠের লোকজন তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল খালেক ঘটনা দুটির সত্যতা নিশ্চিত করেছেন। দুটি লাশই ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।