কুষ্টিয়ায় প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘শ্রমিক ছাড়া টাকা দেওয়ার কোনো বিধান নেই। যেসব শ্রমিক টিপসই দেন, তাঁদের উপস্থিতি ছাড়া টাকা দেওয়া কোনোভাবেই সম্ভব নয়। প্রথম সপ্তাহের টাকা বন্ধ করে দিয়েছিলাম। পরে চাপের কারণে আর আটকাতে পারিনি।’কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির প্রকল্পের টাকা উত্তোলনে অনিয়মের বিষয়টি এভাবেই অপকটে স্বীকার করেন নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যাংক কর্মকর্তা। তিনি বলেন, ‘এই অনিয়মের সঙ্গে জনপ্রতিনিধিসহ কর্মকর্তারা জড়িত।’ গত অর্থবছরে কুষ্টিয়ার ছয় উপজেলায় অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির প্রকল্পে তিন কোটি ২৫ লাখ ১০ হাজার টাকা বরাদ্দ ছিল। এর মধ্যে কুমারখালীতে এক কোটি ৩১ লাখ ১৮ হাজার টাকা, ভেড়ামারায় ৭৬ লাখ ৮৬ হাজার টাকা, খোকসায় ৩৯ লাখ ২০ হাজার টাকা, কুষ্টিয়া সদরে ৩৩ লাখ ৬৭ হাজার টাকা, দৌলতপুরে ২৯ লাখ ৪৭ হাজার টাকা এবং মিরপুরে ১৪ লাখ ৬৩ হাজার টাকা বরাদ্দ ছিল। নিয়ম অনুযায়ী, প্রত্যেক শ্রমিক প্রতিদিন কাজ করে ১৭৫ টাকা করে সপ্তাহের পাঁচ দিন হিসাবে ৪০ দিনে সাত হাজার টাকা পাবেন। প্রত্যেক প্রকল্পে শতকরা ৩০ ভাগ নারী শ্রমিক কাজ করার কথা। প্রতি বৃহস্পতিবার শ্রমিকেরা ব্যাংকে গিয়ে চেকের মাধ্যমে টাকা তুলবেন। কিন্তু শ্রমিকদের চেক একত্র করে প্রকল্পের সভাপতিদের ব্যাংকে গিয়ে টাকা ওঠাতে দেখা গেছে।কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের উত্তর সাওতা গ্রামের রনজুর বাড়ি থেকে মজিবরের বাড়ি পর্যন্ত রাস্তা পুনর্নির্মাণে ৬০ জন শ্রমিকের স্থলে ১৩ জন শ্রমিককে কাজ করতে দেখা গেছে। শ্রমিকদের সরদার সবদুল বলেন, ‘চেয়ারম্যান ২৩ জন শ্রমিক দিয়ে কাজ করতে বলিছে।’ একই ইউনিয়নের গোসাইডাঙ্গী পাকা রাস্তা থেকে গোরস্থান পর্যন্ত রাস্তা পুনর্নির্মাণে ৩৫ জন শ্রমিকের মধ্যে কাউকে পাওয়া যায়নি। স্থানীয় কৃষক আলী হোসেন বলেন, ‘১৫ দিন আগে ১২-১৫ জন শ্রমিক ১০-১২ দিন কাজ করে চইলি গিছে।’কয়া ইউনিয়নের চরবানিয়াপাড়া, কালোয়া, বাড়াদি, রায়ডাঙ্গা গ্রামের প্রকল্পগুলোতে নির্ধারিত সংখ্যার চেয়ে কম শ্রমিককে কাজ করতে দেখা গেছে। জানতে চাইলে কালোয়া গ্রামের একটি প্রকল্পের কাজের সভাপতি ইউপি সদস্য বকুল হোসেন বলেন, ‘ভাই, চেয়ারম্যানের সঙ্গে কথা বলে আপনার সঙ্গে দেখা করছি।’ উপজেলার আরও ১০টি প্রকল্প এলাকা ঘুরে একই রকম চিত্র দেখা গেছে। এ ব্যাপারে জানতে চাইলে কুমারখালী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) কামরুন নাহার বলেন, ‘শ্রমিকেরা কাজ করার কথা। কেন শ্রমিক নেই বা কম তা আপনাকে পরে জানাতে পারব।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরুজ্জামান অনিয়ম-দুর্নীতির অভিযোগ অসত্য ও ভিত্তিহীন বলে দাবি করেছেন। তিনি বলেন, ‘সব কটি প্রকল্প ঘুরে দেখা সম্ভব নয়। তিনটি কাজ দেখেছি। সেগুলো ভালো মনে হয়েছে।’ দৌলতপুর উপজেলার হোগলবাড়িয়া, পিয়ারপুর, দৌলতপুর, আদাবড়িয়া ও বোয়ালিয়া ইউনিয়ন ঘুরে প্রকল্পে নির্দিষ্ট পরিমাণের চেয়ে কম শ্রমিক দেখা গেছে। উপজেলার পিআইও সাইদুর রহমান জানান, কাজের মান অনেক ভালো ছিল। কোনো অনিয়ম হয়নি। খোকসার ২৯টি প্রকল্পে ৫৬০ জন শ্রমিকের মধ্যে কয়েকটি প্রকল্প ঘুরে একজন নারী শ্রমিকও দেখা যায়নি।উপজেলার পিআইও রফিকুল ইসলাম জানান, মূলত দুস্থ ব্যক্তিরা এ কাজ করেন। তাঁরা ঠিকমতো মাটি কাটতে পারেন না। উপজেলার সব কটি প্রকল্পে বিভিন্ন সময় মোট ৩৬ জন শ্রমিক অনুপস্থিত পাওয়া গেছে। জেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা বিশ্বনাথ পাল জানান, কিছু অনিয়মের খোঁজ পাওয়া গেছে। সেগুলোর ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।