কুষ্টিয়ায় প্রতিপক্ষের হামলায় আহত ৪০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ায় ফুটবল খেলা শেষে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের হামলায় খেলোয়াড়সহ অন্তত ৪০ জন আহত হয়েছেন। গত বুধবার রাত আটটার দিকে সদর উপজেলার আলামপুর বাজারে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলা প্রশাসনের আয়োজনে কুষ্টিয়া সদর উপজেলায় আন্ত ইউনিয়ন ফুটবল প্রতিযোগিতা চলছে। বুধবার বিকেল চারটায় আব্দালপুর হাইস্কুল মাঠে জিয়ারখী ও বারখাদা ইউনিয়নের মধ্যে সেমিফাইনাল খেলায় জিয়ারখীর কাছে ১-০ গোলে বারখাদা ইউনিয়ন পরাজিত হয়।বারখাদা ইউনিয়নের সমর্থক আনিসুর রহমান জানান, খেলা শেষে দুটি ট্রাক ও একটি মাইক্রোবাসে করে খেলোয়াড় ও সমর্থকেরা বাড়ি ফিরছিলেন। পথে আলামপুর বাজারে জিয়ারখী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইউসুফ আলীর সমর্থকেরা ট্রাক দুটি থামান। সে সময় চেয়ারম্যানের উপস্থিতিতে তাঁর সমর্থকেরা ইটপাটকেল নিক্ষেপসহ দেশীয় অস্ত্র নিয়ে হামলা ও ট্রাক দুটি ভাঙচুর করেন। এতে ট্রাকে থাকা ছয়জন খেলোয়াড়সহ ৪০ জন আহত হন।তবে ইউসুফ আলী মোল্লা বলেন, বারখাদা ইউনিয়নের সমর্থকেরা লক্ষ্মীপুর বাজারে তাঁর ইউনিয়নের সমর্থকদের ইট ছোড়েন। এ জন্য আলামপুর বাজারে ট্রাক থামিয়ে সর্মথকেরা মারধর করেছেন। তবে তিনি সেখানে ছিলেন না।কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শিকদার মশিউর রহমান বলেন, দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।