কুষ্টিয়ায় প্রাথমিক বিদ্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনে গত শুক্রবার রাতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বিদ্যালয়ের টিনশেড ভবন আংশিক-ভাবে ক্ষতিগ্রস্ত হয়। খবর পেয়ে কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা সমরেশ বিশ্বাস বলেন, রাত সাড়ে ১২টার দিকে তিনি বিদ্যালয়ের পাশ দিয়ে স্থানীয় বাজার পাহারা দিতে যাচ্ছিলেন। তখন বিদ্যালয়ের টিনশেডের ওপর আগুনের শিখা দেখে চিৎকার দেন। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
কুষ্টিয়া ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা আলী সাজ্জাদ বলেন, বিদ্যালয়ের টিনশেডের ভবনের চারটি কক্ষের মধ্যে দুটি কক্ষে চাটাই ও কাঠ পুড়ে গেছে। আরেকটি কক্ষ আংশিক পুড়েছে।
কুমারখালী থানার পরিদর্শক (তদন্ত) বলেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।