কুষ্টিয়ায় বন্ধ্যাকরণের টাকা তছরুপের সত্যতা মিলেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় পরিবার পরিকল্পনা কার্যক্রমে দম্পতিদের স্থায়ী বন্ধ্যাকরণের নামে প্রায় কোটি টাকা আত্মসাতের অভিযোগের সত্যতা মিলেছে।গত ২৪ ফেব্রুয়ারি প্রথম আলোয় ‘বন্ধ্যাকরণে প্রতারণা, টাকা আত্মসাৎ’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এর ভিত্তিতে গঠিত তদন্ত কমিটি গত ২৯ জুলাই পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে প্রতিবেদন জমা দেয়। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক (নিরীক্ষা) আশরাফ আলীর নেতৃত্বে তিন সদস্যের তদন্তদল ঘটনা তদন্ত করে। প্রতিবেদনে অর্থ আত্মসাতের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া, অবিলম্বে বদলি ও আত্মসাৎ করা টাকা আদায় করে সরকারি কোষাগারে জমা দেওয়ার সুপারিশ করা হয়েছে।তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, বিগত দুই অর্থবছরে কুমারখালী মাতৃসদনে তিন হাজার ৮৩০ জনের স্থায়ী বন্ধ্যাকরণ করা হয়। সেবাগ্রহীতাদের বেশির ভাগের বাড়ি উপজেলার বাইরে। কুমারখালীর বাইরে তদন্তদল ৬৪ জন সেবাগ্রহীতার খোঁজ করে মাত্র ১০ জনকে পেয়েছেন। বাকি ৫৪ জনই ভুয়া বলে প্রমাণিত হয়েছে।তদন্ত প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, বিগত দুই অর্থবছরে তদন্তদল মোট দুই হাজার ৬৮০টি বন্ধ্যাকরণের ঘটনাকে ভুয়া বলে চিহ্নিত করেছে, যার প্রতিটির পেছনে সরকারের ব্যয় হয়েছে সাড়ে তিন হাজার টাকা। সে হিসাবে ভুয়া বন্ধ্যাকরণের মাধ্যমে ওই সময় প্র্রায় ৯৪ লাখ টাকা আত্মসাৎ করা হয়েছে। এসব বন্ধ্যাকরণের বেশির ভাগ অস্ত্রোপচারই করেছেন কুষ্টিয়া পরিবার পরিকল্পনা বিভাগের ভারপ্রাপ্ত উপপরিচালক চিকিৎসক জেসমিন আখতার।অভিযোগ অস্বীকার করে কুষ্টিয়া পরিবার পরিকল্পনা বিভাগের ভারপ্রাপ্ত উপপরিচালক জেসমিন আখতার গতকাল বুধবার প্রথম আলোকে বলেন, ‘আমি কীভাবে টাকা আত্মসাৎ করব! আমার বিরুদ্ধে আনা অভিযোগ ঠিক নয়।’