কুষ্টিয়ায় বহিষ্কৃত আ.লীগ নেতার বিরুদ্ধে, পর্নোগ্রাফি আইনে মামলা
কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সদ্য বহিষ্কৃত সাধারণ সম্পাদক মোমিনুর রহমান ওরফে মোমিজসহ চারজনের বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় মামলা হয়েছে। গত বুধবার দিবাগত রাত একটার দিকে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২-এর ৮(১) (৯) (৩) (৭) ধারায় এই মামলা হয়েছে।
জানতে চাইলে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল খালেক প্রথম আলোকে বলেন, খন্দকার মহব্বত আলী নামে এক ব্যক্তি বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। মামলার অন্য আসামিরা হলেন: আয়শা রহমান ওরফে মিতা (মহব্বতের স্ত্রী), শহর আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য এস এম বিদ্যুৎ ও হাউজিং বি ব্লকের ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান ওরফে মধু।
বাদী এজাহারে উল্লেখ করেন, ‘আয়শা রহমান আমার স্ত্রী হওয়া সত্ত্বেও আসামি মোমিজের সঙ্গে বিভিন্ন জায়গায় অন্তরঙ্গভাবে থাকে। মোমিজের নির্দেশে এস এম বিদ্যুৎ ও মোস্তাফিজুর রহমান তাদের অন্তরঙ্গ মুহূর্তের ভিডিওচিত্র ধারণ করে। তারা পরস্পর যোগসাজশে সেই ভিডিওচিত্র ইন্টারনেটের মাধ্যমে জনসম্মুখে প্রকাশ করে আমার মানসম্মান ক্ষুণ্ন করে গর্হিত অপরাধ করেছে।’