কুষ্টিয়ায় বাস উল্টে খাদে নিহত ৬
কুষ্টিয়া-পাবনা মহাসড়কে একটি যাত্রীবাহী বাস উল্টে ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন। গতকাল শনিবার বিকেল পাঁচটার দিকে কুষ্টিয়া সদর উপজেলার বারখাদা পৌর গোবিন্দপুর মোড়ে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তিদের মধ্যে তিনজনের পরিচয় জানা গেছে। তাঁরা হলেন, বগুড়ার শেরপুর উপজেলার টেকুয়া গ্রামের কানু (৪০) ও তাঁর ভাই আহসান (৪৫) এবং পাবনার ঈশ্বরদী উপজেলার সালাউদ্দিন (৩৫)। আহত ব্যক্তিদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রের বিবরণ অনুযায়ী, বিকেল সাড়ে চারটার দিকে পাবনা থেকে কুষ্টিয়ার উদ্দেশে ছেড়ে আসা সোনামণি পরিবহনের একটি বাস ওই এলাকায় একটি ট্রাককে অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে রাস্তার পাশের গভীর খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই বাসের ছয় যাত্রী নিহত হন। এ সময় বাসের জানালার কাচ ভেঙে কমপক্ষে ২০ জন যাত্রী ওপরে উঠতে সক্ষম হন। খবর পেয়ে কুষ্টিয়া হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধারকাজ শুরু করে। গতকাল সন্ধ্যায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দলের উদ্ধার অভিযান চলছিল।প্রত্যক্ষদর্শী ও বাসের যাত্রীরা বলেন, বাসটি একটি ট্রাককে অতিক্রম করার সময় বাসের এক পাশের চাকা সড়কের ওপর সৃষ্ট একটি বড় গর্তে পড়ে যায়। এতে বাসটি উল্টে পাশের খাদে পড়ে যায়।কুষ্টিয়া হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান বলেন, কুষ্টিয়া-পাবনা মহাসড়কটিতে দীর্ঘদিন ধরে ছোট-বড় অনেক গর্তের সৃষ্টি হয়েছে। উল্লেখ্য, কুষ্টিয়া জেলার চারটি সড়ক দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে যান চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। এ বিষয়ে গত ১০ জুলাই ‘কুষ্টিয়ার চারটি সড়কের বেহাল দশা’ শিরোনামে প্রথম আলোয় খবর প্রকাশিত হয়। কুষ্টিয়া সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শেখ মো. হাসিবুর রহমান প্রথম আলোকে বলেন, সড়কগুলো সংস্কারের জন্য বিভিন্ন দপ্তরে চার মাস ধরে ছয়টি চিঠি পাঠানো হয়েছে। কেন কার্যাদেশ পাওয়া যাচ্ছে না, সে ব্যাপারে তিনি কিছুই জানেন না।