কুষ্টিয়ায় বাস উল্টে নিহত ১, আহত ২০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া সদর উপজেলার বৃত্তিপাড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের এক কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ২০ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে ১৫ জনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। একজনের অবস্থা গুরুতর। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। আজ রোববার সকাল সাড়ে সাতটার দিকে কুষ্টিয়া ঝিনাইদহ মহাসড়কে দুর্ঘটনা ঘটে।

নিহত ফয়জুর রহমান (৩৫) মাগুরা জেলার বাসিন্দা। তিনি কুষ্টিয়া চৌড়হাস এলাকায় জগতি চিনিকল সড়কে ব্র্যাকের কুষ্টিয়া আঞ্চলিক কার্যালয়ের গবেষণা ও মূল্যায়ন বিভাগের জেলা প্রধান ছিলেন। ওই কার্যালয়ের এক কর্মকর্তা মোতাহার হোসাইন প্রথম আলোকে বলেন, ফয়জুর রহমান বৃহস্পতিবার ছুটিতে মাগুরার বাড়িতে যান। রোববার ভোরে বাসে করে কুষ্টিয়ায় কর্মস্থলে ফেরার পথে দুর্ঘটনার শিকার হন। তাঁর মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে। পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে।

চৌড়হাস হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক আবদুর রশিদ সরকার জানান, সকালে ঝিনাইদহ থেকে ছেড়ে আসা সোহেলী পরিবহনের একটি বাস বৃত্তিপাড়া মাঠের মধ্যে পৌঁছালে সামনের একটি বাসকে অতিক্রম করতে যায়। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ডান দিকে সড়কের পাশে গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে বাসটি উল্টে যায়। ঘটনাস্থলেই একজন মারা যান। খবর পেয়ে আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

কুষ্টিয়া জেনারেল হাসপাতাল পুলিশ ক্যাম্পের উপসহকারী পরিদর্শক শাহাজাদা শাহরিয়ার প্রথম আলোকে বলেন, হাসপাতালে আনার আগেই ফয়জুর রহমান মারা গেছেন। এ ছাড়া আহত ১৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঁদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে অস্ত্রোপচার কক্ষে নেওয়া হয়েছে।