কুষ্টিয়ায় বাসশ্রমিক-পুলিশ পাল্টাপাল্টি ধাওয়া
কুষ্টিয়া কেন্দ্রীয় বাস টার্মিনালে গতকাল শনিবার সকালে পুলিশ ও বাসশ্রমিকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া হয়েছে। এক তরুণকে হত্যায় জড়িত সন্দেহে একজন বাসশ্রমিককে আটক করার ঘটনাকে কেন্দ্র করে এ পরিস্থিতির সৃষ্টি হয়। এতে এক কর্মকর্তাসহ পুলিশের দুই সদস্য সামান্য আহত হন।এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ তিন বাসশ্রমিককে আটক করে থানায় নিয়ে যায়। পরে শ্রমিকনেতাদের সঙ্গে আলোচনার পর তাঁদের ছেড়ে দেওয়া হয়।কুষ্টিয়া মডেল থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল সকাল সাড়ে আটটায় বাস টার্মিনালের ভেতরে হত্যা মামলার আসামি সোহেল আহমেদ (২৪) নামে বাসের এক সহকারী চালককে পুলিশ আটক করে। পরে শ্রমিকেরা ক্ষুব্ধ হয়ে সোহেলকে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করেন। সকাল সাড়ে নয়টার লাঠিসোঁটা নিয়ে তাঁরা পুলিশের ওপর চড়াও হন। এ সময় পুলিশ শ্রমিকদের ধাওয়া করে। পরে উত্তেজিত শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন।কুষ্টিয়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) ওবাইদুল হক বলেন, কেন্দ্রীয় বাস টার্মিনাল-সংলগ্ন চৌড়হাস মোড়ে গত ৩ মার্চ লালচাঁদ নামে এক তরুণ খুন হন। মামলাটি তিনিই তদন্ত করছেন। সকাল সাড়ে আটটার দিকে ওই মামলার বাদীপক্ষের লোকজন সোহেলকে ধরে রেখে পুলিশকে খবর দেন। পুলিশ গিয়ে তাঁকে থানায় নিয়ে আসে। এ সময় শ্রমিকেরা পুলিশের ওপর চড়াও হন।