কুষ্টিয়ায় বিএনপি দুর্গের 'পতন'
সর্বশেষ ইউনিয়ন পরিষদ নির্বাচনে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ১৪ ইউনিয়নের ১২টিতেই চেয়ারম্যান পদে জয়লাভ করেছিলেন বিএনপি-সমর্থিত প্রার্থীরা। কিন্তু এবার একটিতেও জয় পাননি তাঁরা। বিপরীতে কোনো কোনো ইউনিয়নে একাধিক বিদ্রোহী প্রার্থী থাকা সত্ত্বেও আওয়ামী লীগের প্রার্থীরা নিরঙ্কুশ জয় পেয়েছেন।
একই চিত্র ভেড়ামারার ছয় ইউনিয়নেও। আগের দফায় সেখানে দুজন চেয়ারম্যান ছিলেন বিএনপি-সমর্থিত। পরিবর্তিত পরিস্থিতিতে এবার সেখানে চারটিতে আওয়ামী লীগ ও দুটিতে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রার্থীরা জয় পেয়েছেন।
বিএনপির এই ভরাডুবির কারণ সম্পর্কে দলটির স্থানীয় নেতারা বলছেন, প্রশাসনের সহযোগিতায় ভোট কারচুপি ও নির্বাচন কমিশনের পক্ষপাতিত্বের কারণে এমনটি হয়েছে।
জেলা বিএনপির সাবেক সভাপতি শহীদুল ইসলাম বলেন, বিএনপিকে দমাতে পরিকল্পিতভাবেই এটা করা হয়েছে। ভোটের আগে কিংবা ভোটের দিন বিএনপির কোনো নেতা-কর্মীকে মাঠে দাঁড়াতে দেয়নি ক্ষমতাসীনেরা।
তবে দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সাংসদ রেজাউল হক চৌধুরী দাবি করেন, শেখ হাসিনার নেতৃত্বকে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করার কারণেই এই পালাবদল। তাঁরাই আওয়ামী লীগের তৃণমূল নেতা-কর্মীদের সহযোগিতায় নৌকাকে নিরঙ্কুশভাবে জয়লাভ করতে সহযোগিতা করেছেন। এখানে কারচুপির কোনো প্রশ্নই আসে না।
দুই উপজেলার নির্বাচনের ফলাফল বিশ্লেষণে দেখা যায়, দৌলতপুরের ১৪ ইউনিয়নে ৩ লাখ ২৭ হাজার ১২৫ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ২ লাখ ৫৩ হাজার ১৫৫ জন। এর মধ্যে আওয়ামী লীগের প্রার্থীরা পেয়েছেন ১ লাখ ৫৭ হাজার ৫৩ ভোট। আর বিএনপির প্রার্থীরা পেয়েছেন মাত্র ২২ হাজার ৭৫৬ ভোট। আর ভেড়ামারার ছয় ইউনিয়নে মোট ১ লাখ ২৯ হাজার ৪২২ ভোটের মধ্যে ভোট পড়েছে ১ লাখ ৬ হাজার ২৬৯টি। এর মধ্যে আওয়ামী লীগের প্রার্থীরা পেয়েছেন ৪৪ হাজার ৪২৭ ভোট। আর জাসদ ও বিএনপির প্রার্থীরা পেয়েছেন যথাক্রমে ৩১ হাজার ২৮২ ও ২২ হাজার ১০৭ ভোট।