কুষ্টিয়ায় বিএনপি নেতা হত্যার ঘটনায় মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার কুমারখালীতে ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও বিএনপি নেতা মুন্সী রশিদুর রহমান হত্যার ঘটনায় গত সোমবার রাত ১১টার দিকে তাঁর স্ত্রী সালমা পারভীন অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করেছেন।
গত রোববার জগন্নাথপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মুন্সী রশিদুর রহমানকে মহেন্দ্রপুর বাজারে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। এ ঘটনায় জড়িত সন্দেহে গোয়েন্দা পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য চারজনেক আটক করেছে।
গতকাল মঙ্গলবার সকালে মহেন্দ্রপুর এলাকায় স্থানীয় লোকজন টায়ারে আগুন দিয়ে সড়ক অবরোধ করে খুনিদের গ্রেপ্তারের দাবিতে মিছিল করেন। মিছিল শেষে কুমারখালী শহরের বাসস্ট্যান্ডে তাঁরা সংক্ষিপ্ত পথসভা করেন। সেখানে মুন্সী রশিদুর রহমানের ছেলে ফারহান রহমানসহ স্থানীয় বিএনপির নেতারা বক্তব্য দেন।
সমাবেশ শেষে দলীয় নেতারা কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জাহাঙ্গীর আলমের কাছে স্মারকলিপি দেন।
হত্যার ঘটনা সম্পর্কে জানতে চাইলে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার আবু বকর সিদ্দীক প্রথম আলোকে বলেন, ‘চারজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শিগগিরই জানতে পারবেন।’