কুষ্টিয়ায় বিএনপির কর্মী গুলিবিদ্ধ
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় নির্বাচনী সহিংসতায় আতিয়ার রহমান (৬০) নামে বিএনপির এক কর্মী গুলিবিদ্ধ হয়েছেন। গত বৃহস্পতিবার রাত সাড়ে দশটার দিকে মরিচা ইউনিয়নের বৈরাগীর চর এলাকায় এ ঘটনা ঘটে। তাঁকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। কাল রোববার এই উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে।
বিএনপি-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী মঙ্গল সরকার অভিযোগ করেন, সাংসদ রেজাউল হক চৌধুরীর ছোট ভাই টোকেন চৌধুরী, ছেলে কলিংসসহ ২০-২৫ জন সশস্ত্র ব্যক্তি রাত সাড়ে দশটার দিকে বৈরাগীর চর বাজারে বিএনপির নির্বাচনী কার্যালয়ে হামলা চালায় এবং বিএনপির কর্মীদের ওপর গুলিবর্ষণ করে। এতে আতিয়ার কোমরে গুলিবিদ্ধ হন।
সাংসদ রেজাউল হক চৌধুরী গতকাল শুক্রবার আওয়ামী লীগের স্থানীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বলেন, তাঁর ছেলে ও ভাইয়ের বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে তা মিথ্যা এবং উদ্দেশ্যপ্রণোদিত। বিএনপির কর্মীদের গুলিতেই বিএনপির ওই কর্মী আহত হয়েছেন।
দৌলতপুর ওসি বেলায়েত হোসেন বলেন, সেখানে দুই পক্ষের মধ্যে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে।