কুষ্টিয়ায় বিএনপির কর্মী গুলিবিদ্ধ, পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় আতিয়ার রহমান (৬০) নামের বিএনপির এক কর্মী গুলিবিদ্ধ হয়েছেন। বিএনপির অভিযোগ, কুষ্টিয়া-১ আসনের সরকারদলীয় সাংসদ রেজাউল হক চৌধুরীর ছেলে, ছোট ভাই ও সমর্থকেরা হামলা চালিয়ে তাঁকে গুলি করেছেন। তবে এ অভিযোগ ভিত্তিহীন দাবি করে করেছেন সাংসদ রেজাউল হক চৌধুরী।
গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মরিচা ইউনিয়নের বৈরাগীর চর এলাকায় গুলিবিদ্ধ হয়েছেন বিএনপির কর্মী আতিয়ার রহমান। গুলিবিদ্ধ আতিয়ারকে প্রথমে দৌলতপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। আজ আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দুপুর ১২টার দিকে জেলা বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলন করে উপজেলা পরিষদের বিএনপি-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী মঙ্গল সরকার অভিযোগ করে বলেন, আগামী রোববার উপজেলা নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী ফিরোজ আল মামুনের পক্ষে এলাকায় কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সাংসদ রেজাউল হক চৌধুরী কাজ করছেন। সাংসদের ছোট ভাই টোকেন চৌধুরী ও সাংসদের ছেলে কলিংসসহ ২০-২৫ জন সশস্ত্র কর্মী গতকাল রাত সাড়ে ১০টার দিকে বৈরাগীর চর বাজারে বিএনপির নির্বাচনী কার্যালয়ে অতর্কিত হামলা চালায় এবং বিএনপির কর্মীদের লক্ষ্য করে গুলি চালায়। এতে আতিয়ার গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এরপর হামলাকারীরা ঘটনাস্থল থেকে চলে যায়। স্থানীয় লোকজন তাঁকে প্রথমে দৌলতপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে রাতেই তাঁকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালের আবাসিক চিকিত্সক অরবিন্দু পাল বলেছেন, রাত দেড়টার দিকে গুলিবিদ্ধ একজনকে ভর্তি করা হয়েছে। তাঁর কোমরে গুলি লেগেছে। প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তাঁর অবস্থা ভালো নয়।
তবে এ অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করে আজ বিকেল সাড়ে পাঁচটার দিকে সংবাদ সম্মেলন করেছেন কুষ্টিয়া-১ আসনের সাংসদ রেজাউল হক চৌধুরী। দৌলতপুর উপজেলার আল্লারদরগা গ্রামে আওয়ামী লীগের কার্যালয়ে অনুষ্ঠিত ওই সংবাদ সম্মেলনে সাংসদ বলেন, নিজেদের মধ্যে গোলমালের জের ধরে বিএনপির কর্মী আতিয়ার রহমান গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনার সঙ্গে তাঁর ছেলে কলিংস ও ছোট ভাই টোকেন চৌধুরী জড়িত বলে বিএনপি যে অভিযোগ করেছে, তা ভিত্তিহীন।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলায়েত হোসেন বলেন, আতিয়ার রহমান বৈরাগীর চর গ্রামের মৃত শেখ চাঁদ আলীর ছেলে। রাতেই ঘটনাস্থলে পরিদর্শন করা হয়েছে। সেখানে গোলাগুলির ঘটনা ঘটেছে।