কুষ্টিয়ায় বিএনপির কার্যালয়ে হামলা ও ভাঙচুর
দুই মোটরসাইকেলের মধ্যে ধাক্কা লাগাকে কেন্দ্র করে কুষ্টিয়ায় খোকসা উপজেলা বিএনপির কার্যালয়, এক ব্যক্তির বাড়িঘরসহ কয়েকটি দোকানে ভাঙচুর চালানো হয়েছে। বিএনপির অভিযোগ, স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা এই হামলা চালিয়েছেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে খোকসা উপজেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ সুধাংশু কুমারের মোটরসাইকেলের সঙ্গে সাবেক পৌর কমিশনার কালাম হোসেনের ছেলে মুন্নার মোটরসাইকেলের ধাক্কা লাগে। এ ঘটনায় উভয়ের মধ্যে মধ্যে বাগিবতণ্ডতা হয় এবং পরে তা সংঘর্ষে রূপ নেয়। একপর্যায়ে সুধাংশুর লোকজন খোকসা শহরের জানিপুর এলাকায় কালামের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে। পরে তারা লাঠিসোঁটা নিয়ে থানা মোড় এলাকায় উপজেলা বিএনপির কার্যালয় ও আশপাশের কয়েকটি দোকানে ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বাহক তারিকুল ইসলাম বলেন, সুধাংশু কুমারকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে। বিএনপির কার্যালয় ভাঙচুরের কথা তিনি শুনেছেন।