কুষ্টিয়ায় বিএনপির গাড়িবহরে হামলা, আহত অর্ধশতাধিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কুষ্টিয়ার জনসভা থেকে ফেরার পথেও গত শনিবার দলীয় নেতা-কর্মীদের ওপর হামলা হয়েছে। এতে অর্ধশতাধিক নেতা-কর্মী আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে ২০ থেকে ২৫টি গাড়ি। আওয়ামী লীগের নেতা-কর্মীরা এ হামলা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে। তবে আওয়ামী লীগ এ অভিযোগ অস্বীকার করেছে।কুষ্টিয়ার মিরপুর উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম খান জানান, কুষ্টিয়ায় জনসভা শেষে গত শনিবার রাতে মেহেরপুর, গাংনী, দৌলতপুর ও ভেড়ামারা উপজেলার নেতা-কর্মীরা নিজ নিজ এলাকায় ফিরছিলেন। তিনি অভিযোগ করে বলেন, রাত আটটার দিকে নেতা-কর্মীদের বহনকারী গাড়ি কুষ্টিয়া-মেহেরপুর সড়কের মশান বাজার, মিরপুর বাসস্ট্যান্ড ও মিরপুর বাজার এলাকায় পৌঁছালে আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীরা হামলা চালান। তাঁরা ইটপাটকেল ও লাঠি দিয়ে ওই তিন জায়গায় ২০ থেকে ২৫টি গাড়ি ভাঙচুর করেন। এ সময় বিএনপির অর্ধশতাধিক নেতা-কর্মী আহত হন। সাইফুল ইসলাম দাবি করেন, আবারও হামলার আশঙ্কায় আহতদের কেউ হাসপাতালে ভর্তি না হয়ে বাড়ি চলে যান। তবে আশরাফুল ইসলাম (৫০) নামের একজন মিরপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্র চিকিৎসা নেন।হামলার শিকার দৌলতপুরের রফিকুল ইসলাম, আমিরুল ইসলাম ও রূপচাঁদকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তৌফিক ও চান্দুকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়। মিরপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনামুল হক বিএনপির গাড়িবহরে হামলার কথা অস্বীকার করে বলেন, ‘দৌলতপুরের একটি গাড়ি মিরপুর বাজারে মোড় নেওয়ার সময় হই-হুল্লোড় ও চেঁচামেচিতে অনেকে জড়ো হয়। গাড়ি ভাঙচুর বা মারধরের মতো কিছু হয়নি।’মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, ‘হামলা হয়েছে এটা চাপানো বা মিথ্যা বলার কিছু নেই। তবে খুবই সামান্য।’