কুষ্টিয়ায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে পুলিশসহ আহত ১৪
কুষ্টিয়ায় জেলা বিএনপির বিবদমান দুই পক্ষের মধ্যে গতকাল বুধবার সংঘর্ষ হয়েছে। এতে পুলিশসহ বিএনপির ১৪ নেতা-কর্মী আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ শহর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলামকে আটক করেছে।সংঘর্ষে আহত ব্যক্তিদের মধ্যে কয়েকজন হলেন জেলা বিএনপির একাংশের (আলো-আনসার গ্রুপ) সাধারণ সম্পাদক ও কুমারখালী পৌরসভার মেয়র নুরুল ইসলাম ওরফে আনসার প্রামাণিক, মাখন প্রামাণিক, আরিফুল ইসলাম, আসকার মোল্লা। আহত পুলিশ সদস্য হচ্ছেন সদর থানার কনস্টেবল আশরাফুল ইসলাম।প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল দুপুর ১২টার দিকে কুষ্টিয়া জেলা বিএনপির একাংশের সভাপতি মিনহাজুর রহমান ওরফে আলোর পক্ষের একটি মিছিল শহরের প্রধান সড়ক হয়ে পাবলিক লাইব্রেরি মাঠের সামনে আসে। জেলা বিএনপির কার্যালয়ের কাছে এলে জেলা বিএনপির অন্য অংশের সভাপতি মেহেদী আহম্মেদ ওরফে রুমী ও সাধারণ সম্পাদক সোহরাব উদ্দিনের পক্ষের লোকজন মিছিলে হামলা চালায়। এ সময় মিনহাজুর রহমানের পক্ষের লোকজনও পাল্টা হামলা চালায়। এতে উভয় পক্ষের নেতা-কর্মীরা সংঘর্েষ জড়িয়ে পড়েন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে লাঠিপেটা করে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় উভয়পক্ষ ইটপাটকেল নিক্ষেপ শুরু করলে কনস্টেবল আশরাফুল আহত হন। বিএনপির নেতা মিনহাজুর রহমান বলেন, আজ বৃহস্পতিবার সকালে কুষ্টিয়ার তৃণমূল নেতা-কর্মীদের সভা হবে। ওই সভায় কেন্দ্রীয় নেতা মঈন খান উপস্থিত থাকবেন। এ উপলক্ষে গতকাল বুধবার দুপুর ১২টার দিকে শহরে একটি মিছিল বের করলে সোহরাব ও রুমী পক্ষের নেতাকর্মীরা তাঁদের পক্ষের লোকজনের ওপর হামলা চালায়। বিএনপির নেতা সোহরাব উদ্দীন বলেন, মিনহাজুর রহমানের পক্ষের নেতা-কর্মীদের মিছিলটি জেলা বিএনপির কার্যালয়ের সামনে দিয়ে যাওয়ার সময় মিছিল থেকে তাঁদের উদ্দেশে বাজে স্লোগান দেওয়া হয়। এ সময় প্রতিবাদ করলে তাঁদের পক্ষের নেতা-কর্মীদের মারধর করা হয়।সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, এ ঘটনায় উভয়পক্ষের নেতা-কর্মীরা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।