যশোর সদর উপজেলার আড়পাড়া শাহাপুর গ্রামে গতকাল শুক্রবার দুপুরে ছেলের বঁটির কোপে বাবা আইয়ুব আলী (৫০) খুন হয়েছেন বলে অভিযোগ রয়েছে। এদিকে কুষ্টিয়া সদর উপজেলায় বিএনপির নেতা নুরুল ইসলাম ওরফে নুরীকে (৪৮) শ্বাসরোধ এবং দৌলতপুরে মাসুুদুর রহমান (২৪) নামে এক তরুণকে গলাকেটে হত্যা করা হয়েছে।যশোর সদর উপজেলার শাহাপুর গ্রামে গতকাল শুক্রবার সকালে পারিবারিক বিষয় নিয়ে ব্যবসায়ী আইয়ুব আলী ও তার ছেলে বশির উদ্দিনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দুজনই উত্তেজিত হয়ে পড়েন। এর মধ্যে বশির উদ্দিন রান্নাঘর থেকে বঁটি এনে তার বাবাকে কুপিয়ে জখম করেন। গুরুতর অবস্থায় তাঁকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়ার পর দুপুর একটার দিকে তাঁর মৃত্যু হয়। যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল হক শেখ বলেন, ঘটনার পর থেকে বশির উদ্দীন পলাতক। তাঁকে আটকের জন্য চেষ্টা চলছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে ছয়-সাতজন লোক কুষ্টিয়া সদর উপজেলার বিআইডিসি বাজার থেকে সাদা মাইক্রোবাসে করে নুরুল ইসলাম ওরফে নুরীকে তুলে নিয়ে যায়। গতকাল শুক্রবার সকাল সাতটার দিকে স্থানীয়রা উপজেলার হররা মাঠের একটি ভুট্টাখেতে তাঁর মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে কুষ্টিয়া মডেল থানার পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। তিনি উপজেলার চেঁচুয়া গ্রামের বাসিন্দা এবং জগতি ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার মশিউর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাঁকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তাঁর বিরুদ্ধে মডেল থানায় দুটি হত্যা, দুটি চাঁদাবাজি, দুটি অস্ত্র আইনেসহ মোট ১২টি মামলা রয়েছে।গোয়েন্দা পুলিশের ওসি আতিয়ার রহমান বলেন, ‘গোয়েন্দা পুলিশ বৃহস্পতিবার রাতে কোনো অভিযানে যায়নি।’অপরদিকে গতকাল সকালে দৌলতপুর উপজেলার চরসাদিপুর মাঠ থেকে মাসুদুর রহমান নামে এক তরুণের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। মাসুদ চরসাদিপুর গ্রামের হাফিজুর রহমানের ছেলে এবং হোসেনাবাদ বাজারে সেলুনে নরসুন্দরের কাজ করতেন।বৃহস্পতিবার রাত আটটার দিকে সেলুন থেকে বাড়ি ফেরার পথে তিনি নিখোঁজ হন। গতকাল শুক্রবার সকালে সাদিপুর মাঠে তাঁর গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।দৌলতপুর থানার ওসি জাহির হোসেন বলেন, এ ঘটনায় থানায় হত্যা মামলা হয়েছে। পূর্বশত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।