কুষ্টিয়ায় বিচার শুরু, কক্সবাজারে অভিযোগ গঠন ৪ জানুয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিডিআর বিদ্রোহের ঘটনায় দায়ের করা মামলায় গতকাল বুধবার কুষ্টিয়ার মিরপুর সেক্টর, ৩২ রাইফেল ব্যাটালিয়ন ও ৩৫ রাইফেল ব্যাটালিয়নের ৭৩ জনের বিচারকাজ শুরু হয়েছে। একই অভিযোগে দায়ের করা মামলায় কক্সবাজারে ১৭ রাইফেল ব্যাটালিয়নের ৭১ জনকে অভিযোগ পড়ে শুনানো হয়েছে।কুষ্টিয়ায় বিডিআরের মিরপুর সেক্টরে স্থাপিত বিশেষ আদালত-১৭-এ গতকাল সকাল নয়টায় বিচারকাজ শুরু হয়। এতে সভাপতির দায়িত্বে ছিলেন বিডিআরের কুষ্টিয়া সেক্টরের কমান্ডার কর্নেল নজরুল ইসলাম সরকার। প্রথমে মিরপুর সেক্টরের বিডিআরের ১৫ সদস্যের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেন নায়েব সুবেদার আলাউদ্দিন। আদালত অভিযোগ আমলে নিয়ে আসামিদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এঁদের মধ্যে ১০ জন আগে থেকেই কারাগারে আছেন। বাকি পাঁচজনকে গতকাল কারাগারে পাঠানো হয়েছে। মিরপুর সেক্টরের বিচারকাজে সরকারি কৌঁসুলি হিসেবে দায়িত্ব পালন করেন মেজর সৈয়দ ফজলে হোসেন।পরে একই আদালতে ৩২ রাইফেল ব্যাটালিয়নের ৪০ সদস্যের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেন সুবেদার জামাত আলী। বিচারক অভিযোগ আমলে নিয়ে ব্যাটালিয়নে থাকা নয়জনকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বাকি ৩১ জন আগে থেকেই কুষ্টিয়া কারাগারে আছেন।মামলার কৌঁসুলি লে. কর্নেল খোন্দকার আইনুল জামাল আদালতকে বলেন, ৩২ রাইফেল ব্যাটালিয়নের কিছু বিপথগামী জওয়ান বিদ্রোহের সময় গুজব ছড়ান, সিলেটে বিডিআরের ওপর সেনাবাহিনী হামলা করছে। বগুড়া থেকে সেনাবাহিনীর সদস্যরা কুষ্টিয়ায় আসছে। এ ছাড়া তাঁরা পাগলা ঘণ্টা বাজিয়ে সেক্টরের ভেতর আতঙ্ক সৃষ্টি, তালা ভেঙে অস্ত্র লুট, গুলিবর্ষণ ও কুষ্টিয়া-মেহেরপুর সড়কে ভারী অস্ত্র স্থাপন করে যানবাহন চলাচল ব্যাহত করেন। অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তিনি আদালতে আবেদন করেন।তৃতীয় পর্বে মিরপুর সেক্টরের অধীন চুয়াডাঙা ৩৫ রাইফেল ব্যাটালিয়নের ১৮ জনের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেন নায়েক সুবেদার (সিগনাল) আমজাদ হোসেন মণ্ডল। এদের মধ্যে ১২ জন কুষ্টিয়া জেলা কারাগারে আটক আছেন। বাকি ছয়জনকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। পরে মিরপুর সেক্টর এবং ৩২ ও ৩৫ ব্যাটালিয়নের অভিযুক্ত মোট ৭৩ জনকে একসঙ্গে আদালতে হাজির করার নির্দেশ দিয়ে আজ বৃহস্পতিবার সকাল নয়টা পর্যন্ত আদালত মুলতবি ঘোষণা করা হয়।কক্সবাজার: কক্সবাজার ১৭ রাইফেল ব্যাটালিয়নের সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালত-১৬-এ সকাল সাড়ে ১০টায় বিচারকাজ শুরু হয়। এর আগে ব্যাটালিয়নের অভিযুক্ত বিডিআরের ৭১ সদস্যকে হাতকড়া পরিয়ে আদালতে হাজির করা হয়। আদালতের সভাপতি ও রাঙামাটি বিডিআর সেক্টরের কমান্ডার কর্নেল মো. বশিরুল ইসলাম ৭১ জওয়ানের উপস্থিতি নিশ্চিত করে দ্বিতীয় দিনের বিচারিক কার্যক্রম শুরু করেন।মামলার কৌঁসুলি ও ১৭ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক (ভারপ্রাপ্ত) মেজর খোন্দকার আবু হোরাইরা ৭১ জনকে তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগ পড়ে শুনান। তিনি অভিযোগ যাচাই করে সত্যতা প্রমাণসাপেক্ষে বিডিআর আইনে তাঁদের শাস্তি দাবি করে আদালতকে বলেন, ‘এই আসামিরা পরস্পর যোগসাজশে ব্যাটালিয়নের অস্ত্রাগার লুট, সড়ক অবরোধ ও ফাঁকা গুলি চালিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করেন। তাঁরা ব্যাটালিয়নের দুই সেনা কর্মকর্তাকে লাঞ্ছিত করেন। পরে আগামী বছরের ৪ জানুয়ারি অভিযোগ গঠনের দিন ধার্য করে ওই দিন অভিযুক্তদের আদালতে হাজির করার নির্দেশ দেন আদালত। এরপর আদালত মুলতবি ঘোষণা করা হয়।৫১ জনকে আজ হাজির করা হবে: কক্সবাজারের একই আদালতে আজ বৃহস্পতিবার টেকনাফ ৪২ রাইফেল ব্যাটালিয়নের ৫১ সদস্যকে হাজির করা হবে।