কুষ্টিয়ায় বিজিবির গাড়ি দুর্ঘটনায় আহত ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কুষ্টিয়া সেক্টরের একটি গাড়ি দুর্ঘটনায় বিজিবির ছয়জন সদস্য আহত হয়েছেন। এর মধ্যে চারজনকে উন্নত চিকিত্সার জন্য হেলিকপ্টারে করে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) পাঠানো হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
সিএমএইচে পাঠানো চারজনের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন সুবেদার মহিউদ্দীন, ল্যান্স নায়েক শফিউল ও সিপাহি হালিম।
জানতে চাইলে কুষ্টিয়া সেক্টরের ৩২ বিজিবি ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক মেজর মেহেদী হাসান প্রথম আলোকে জানান, মাগুরা জেলায় একটি অভিযান শেষ করে বিজিবির সদস্যরা গতকাল রাত সাড়ে তিনটার দিকে সেক্টরে ফিরছিলেন। পথে কুষ্টিয়া শহরের মঙ্গলবাড়িয়া এলাকায় বিজিবি সদস্যদের বহনকারী গাড়িটির টায়ার ফেটে যায়। এ সময় গাড়ির চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি সড়কের পাশে একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে গাড়িতে থাকা বিজিবির ছয় সদস্য আহত হন। তাঁদের উদ্ধার করে রাতেই সেক্টরে আনা হয়। তাঁদের মধ্যে দুজনকে প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়েছে। বাকি চারজনকে উন্নত চিকিত্সার জন্য আজ সকাল সাড়ে সাতটার দিকে হেলিকপ্টারে করে ঢাকা সিএমএইচে পাঠানো হয়েছে।