কুষ্টিয়ায় বিনা মূল্যে বিতরণের কয়েক হাজার বই উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া শহরে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর প্রচ্ছদপৃষ্ঠাবিহীন কয়েক হাজার বইসহ একটি ট্রাক আটক করেছে পুলিশ। গতকাল শনিবার বেলা একটার দিকে শহরের নারিকেলতলা এলাকার একটি বইয়ের দোকানের সামনে থেকে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের বিনা মূল্যে বিতরণের জন্য এসব বই উদ্ধার করা হয়।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শহরের কোর্টপাড়া এলাকায় নারিকেলতলায় সুজন পেপারস এন্টারপ্রাইজ নামের একটি বইয়ের দোকান থেকে বিনা মূল্যে বিতরণের বেশ কয়েক হাজার বই ট্রাকে তোলা হচ্ছে—এমন সংবাদের ভিত্তিতে কয়েকজন সাংবাদিক সেখানে যান। তাঁরা খবর দিলে কুষ্টিয়া মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাক থেকে বই বের করে। বিনা মূল্যে বিতরণের জন্য লেখা বইগুলোর প্রচ্ছদপৃষ্ঠা ছিল না। এসব বই ২০১০ সালের ডিসেম্বর মাসে মুদ্রণ করা। পরে পুলিশ ট্রাকসহ দোকানের স্বত্বাধিকারী সুজন আলীকে আটক করে থানায় নিয়ে যায়। কুষ্টিয়া থানা হাজতে সুজন আলী প্রথম আলোকে বলেন, বইগুলো তিনি বিভিন্ন দোকান থেকে সংগ্রহ করেছেন। প্রচ্ছদপৃষ্ঠা না থাকার ব্যাপারে তিনি বলেন, কেনার সময় বইগুলো এভাবেই পেয়েছেন। সুজন জানান, ট্রাকে করে বইগুলো তিনি ঢাকার একটি পেপার মিলে পাঠাচ্ছিলেন। কুষ্টিয়া জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা খন্দকার রুহুল আমিন বলেন, প্রচ্ছদপৃষ্ঠা না থাকলেও বইগুলো নতুন। বিষয়টি উদ্দেশ্যমূলক মনে হচ্ছে। তাছাড়া বিনা মূল্যে বিতরণের এসব বই বিক্রি করার বিধান নেই। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।কুষ্টিয়া মডেল থানার এসআই আরিফুল ইসলাম বলেন, এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।