কুষ্টিয়ায় বিষাক্ত স্পিরিট পানে একজনের মৃত্যু
কুষ্টিয়ায় বিষাক্ত স্পিরিট পানে জুল হক (৩৮) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি সদর উপজেলার পূর্ব আব্দালপুর গ্রামের আবদুল বারিকের ছেলে।জুল হকের চাচাতো ভাই আব্বাস আলী প্রথম আলোকে জানান, গত রোববার দুপুরে পেটের ব্যথা শুরু হলে জুল হককে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাত নয়টায় তিনি মারা যান। জুল হক পেশায় একজন মাছ ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন ধরে মাদক সেবন করে আসছিলেন। কুষ্টিয়া সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা অরবিন্দ পাল জানান, রোববার অ্যালকোহলের নমুনা নিয়ে জুল হক হাসপাতালে ভর্তি হন। রাতে তিনি মারা যান।কুষ্টিয়া সদর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) নার্গিস খাতুন বলেন, জুল হক নামের এক ব্যক্তি অ্যালকোহল পান করে মারা গেছেন। তাঁর লাশ কুষ্টিয়া সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্ত করা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন, পূর্ব আব্দালপুর ও আশপাশের এলাকা হরিনারায়ণপুর, বিত্তিপাড়া, লক্ষ্মীপুর, ঝাউদিয়া গ্রামে সন্ধ্যার পর নিয়মিত মদ্যপানের আড্ডা বসে।