কুষ্টিয়ায় বিষাক্ত স্পিরিট পানে দুজনের মৃত্যু!
কুষ্টিয়ার দৌলতপুরে বিষাক্ত স্পিরিট পান করে পিনু সর্দার (৪০) ও রোকন বিশ্বাস (৪৫) নামে দুজনের মৃত্যু হয়েছে। রোকন বিশ্বাস কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য ও দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফাজ উদ্দীন বিশ্বাসের সৎভাই।এলাকাবাসী সূত্রে জানা যায়, ঈদের দিন রাতে দৌলতপুর উপজেলার তারাগুনিয়া এলাকায় পিনু সর্দার ও রোকন বিশ্বাস স্পিরিট পান করলে অসুস্থ হয়ে পড়েন। প্রথমে তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। রোববার বিকেলে পিনু সর্দার মারা যান। রোকন বিশ্বাসের অবস্থার অবনতি হলে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়। রোববার দিবাগত রাতে রোকন বিশ্বাসও মারা যান। দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক সাইফুল ইসলাম বলেন, রোববার বিকেল পাঁচটার দিকে পিনু সর্দার পেটে প্রচণ্ড ব্যথা নিয়ে হাসপাতালে আসেন। এর ২০ মিনিট পর তিনি মারা যান। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান বলেন, এলাকাবাসীর কাছে গুঞ্জন শোনা গেছে, তাঁরা বিষাক্ত স্পিরিট পান করে মারা গেছেন।সোনাগাজীতে মদপানে যুবলীগ নেতার মৃত্যুনিজস্ব প্রতিবেদক, ফেনী জানান, সোনাগাজী উপজেলা সদরে বিষাক্ত মদপানে গত শুক্রবার মানিক মিয়া (৩৮) নামের যুবলীগের একজন নেতার মৃত্যু হয়েছে। তিনি উপজেলার চর চান্দিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি। এ নিয়ে সাত দিনে সোনাগাজীতে বিষাক্ত মদপানে এক মাদক ব্যবসায়ীসহ চারজন মারা গেলেন।এলাকাবাসী জানান, শুক্রবার সকালে তিনি সোনাগাজী উপজেলা সদরের তাকিয়া রোডে নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে বসে কয়েক ধরনের মদ মিশিয়ে পান করেন। এর কিছুক্ষণ পর তিনি অসুস্থ হয়ে পড়েন। তাঁকে প্রথমে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে ফেনী সদর হাসপাতালে নেওয়ার পথে মারা যান।হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সাইফুল ইসলাম জানান, মানিক মিয়া বিষাক্ত মাদকদ্রব্য পান করে অসুস্থ হয়ে পড়েন।