কুষ্টিয়ায় ব্যবসায়ী নারী খুনের ঘটনায় হত্যা মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ায় ব্যবসায়ী নারীর লাশের ময়নাতদন্ত শেষে গতকাল বৃহস্পতিবার কুষ্টিয়া পৌর গোরস্থানে দাফন করা হয়েছে। খুনের ঘটনায় নিহত শাহজাদি ফারজানার স্বামী মোল্লা আল সামস একটি হত্যা মামলা করেছেন। শহরের কাটাইখানা মোড় এলাকায় গত বুধবার রাতে ফারজানার ব্যবসাপ্রতিষ্ঠানে ঢুকে গুলি চালিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। ফারজানার গ্ল্যামার ওয়ার্ল্ড নামের একটি রূপচর্চার প্রতিষ্ঠানের (বিউটি পারলার) স্বত্বাধিকারী ছিলেন।কুষ্টিয়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্তকর্তা নাজমুল হোসাইন বলেন, খুনের ঘটনায় ফারজানার স্বামী বাদী হয়ে বুধবার রাতেই দুজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য রাতেই শহরে অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়। বৃহস্পতিবার সকালে তাঁদের ছেড়ে দেওয়া হয়। পুলিশ শহরের কমলাপুর এলাকার বাসিন্দা মজিবর রহমান ওরফে লিখনকে (২৮) সন্দেহ করছেন। ফারজানার মা সুফিয়া খাতুনের দাবি, লিখন তাঁর মেয়েকে প্রায়ই বিরক্ত করতেন। মুঠোফোনে হুমকিও দিতেন। এ নিয়ে থানায় সালিস বৈঠকও হয়েছে।কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিকদার মশিউর রহমান বলেন, সম্পর্কের জের ধরে এ হত্যাকাণ্ড হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। ফারজানা ও লিখনের বিষয় নিয়ে গত বছরের সেপ্টেম্বরে থানায় উভয় পক্ষের লোকজনের একটা সালিস হয়। লিখন ও তাঁর স্ত্রী বৈশাখী পলাতক রয়েছেন।