কুষ্টিয়ায় ব্যবসায়ী নেতাকে গুলি করে হত্যা
কুষ্টিয়ায় দুর্বৃত্তের গুলিতে কুষ্টিয়া চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির পরিচালক ও জেলা বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক নুর হোসেন দুলাল (৫০) নিহত হয়েছেন। আজ শনিবার রাত সোয়া নয়টার দিকে শহরের হাউজিং এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, রাত সোয়া নয়টার দিকে নুর হোসেন বাসায় ফিরছিলেন। শহরের হাউজিং এলাকায় আসার পর দুর্বৃত্তরা মোটরসাইকেলে এসে তাঁর মাথায় গুলি করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাঁকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায়। চিকিত্সাধীন অবস্থায় রাত সোয়া ১০টার দিকে তাঁর মৃত্যু হয়।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের সহকারি পরিচালক আজিজুন নাহার বলেন, নুর হোসেনের মাথায় গুলি লেগেছে।
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সোহেল রেজা বলেন, নুর হোসেনের বাবার নাম সিফাত উল্লাহ। তিনি হাউজিং সি ব্লকের বাসিন্দা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা পুলিশ সুপার (এসপি) মফিজ উদ্দিন আহমেদ প্রথম আলো ডটকমকে বলেন, রাত সোয়া দশটার দিকে তাঁর মৃত্যু হয়েছে। লাশ হাসপাতালেই আছে। এ ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করা যায়নি।
গোয়েন্দা শাখার এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, নুর হোসেন জামায়াতের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন।