কুষ্টিয়ায় ব্যবসায়ী হত্যার ঘটনায় চারজনের ফাঁসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ায় ব্যবসায়ী আলমগীর হোসেন হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রেজা মো. আলমগীর হাসান এ রায় ঘোষণা করেন।

দুপুরে রায় ঘোষণাকালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিন আসামি আদালতে উপস্থিত ছিলেন। আরেক আসামি পলাতক।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়া এলাকার মো. হাসান ওরফে মাইকেল ও সালমান, রাজারহাট এলাকার রাহাতুজ্জামান এবং ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার ভবানীপুর গ্রামের নিশিকান্ত ঘোষ। নিশিকান্ত পলাতক।

মামলার রায়ে সন্তোষ প্রকাশ করেছেন নিহত ব্যবসায়ী আলমগীরের ভাই ও মামলার বাদী জাহাঙ্গীর আলম। তিনি প্রথম আলোকে বলেন, ‘আমার নিরীহ ভাইকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। সঠিক বিচার পেয়েছি। সরকারের কাছে কৃতজ্ঞ। এখন ফাঁসি যত দ্রুত কার্যকর হবে, ততই ভাইয়ের আত্মা শান্তি পাবে।’

২০১৩ সালের ১৯ জানুয়ারি কুষ্টিয়া শহরের নবাব সিরাজউদ্দৌলা সড়কে জুতা ব্যবসায়ী আলমগীরকে নিজ বাড়িতে শ্বাসরোধে হত্যার পর দরজায় তালা লাগিয়ে চলে যায় দুর্বৃত্তরা। তালা ভেঙে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পরের দিন আলমগীরের ভাই কুষ্টিয়া মডেল থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে একটি হত্যা মামলা করেন। তদন্ত শেষে পুলিশ ওই চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়।