কুষ্টিয়ায় ব্যাংক কর্মকর্তার আত্মহত্যা
কুষ্টিয়া শহরের কোর্ট স্টেশন এলাকায় ট্রেনে কাটা পড়ে আবদুল ওহাব (৪৮) নামের এক ব্যক্তি মারা গেছেন। গত রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে। তিনি অগ্রণী ব্যাংক লিমিটেড, কুষ্টিয়া আঞ্চলিক কার্যালয়ের প্রিন্সিপাল অফিসার ছিলেন। তাঁর বাড়ি শহরের টালিপাড়া এলাকায়। প্রত্যক্ষদর্শী ও রেল পুলিশ সূত্র জানায়, রাজবাড়ী থেকে পোড়াদহের উদ্দেশে ছেড়ে আসা ট্রেনটি কুষ্টিয়া কোর্ট স্টেশন এলাকায় সন্ধ্যা সাড়ে সাতটার দিকে পৌঁছালে এর নিচে লাফ দেন ওহাব। এতে তাঁর শরীর থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে যায়। নিহত ব্যাংক কর্মকর্তার বড় ভাই ছাদ আলী প্রথম আলোকে বলেন, দীর্ঘদিন ধরে তাঁর ভাইয়ের সংসারে অশান্তি বিরাজ করছিল। অগ্রণী ব্যাংক কুষ্টিয়া আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক মো. ওহিদুজ্জামান বলেন, তিন মাস ধরে তিনি মানসিকভাবে খুবই বিপর্যস্ত ছিলেন। পোড়াদহ জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেকেন্দার আলী বলেন, সুরতহাল ও ময়নাতদন্ত শেষে মৃতদেহ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আবদুল ওহাব আত্মহত্যা করেছেন।