কুষ্টিয়ায় ভোট কারচুপি হামলা-সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাপক ভোট কারচুপি, ভোটারদের কেন্দ্রে যেতে বাধা এবং সংঘর্ষের মধ্য দিয়ে গতকাল বৃহস্পতিবার কুষ্টিয়ার মিরপুর, কুমারখালী ও খোকসা উপজেলা পরিষদের নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
খোকসা উপজেলা পরিষদের বিএনপি-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী ভোট কারচুপির অভিযোগ এনেছেন। বেলা সাড়ে তিনটার দিকে মিরপুর উপজেলার বিএনপি-সমর্থিত প্রার্থী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল হক ভোট বর্জন করে আগামীকাল শনিবার আধা বেলা হরতাল ডেকেছেন। বিকেল চারটার দিকে জামায়াত-সমর্থিত প্রার্থী আবদুল গফুরও ভোট বর্জন করে হরতালের প্রতি সমর্থন জানান।
তিনটি উপজেলার প্রত্যন্ত গ্রামের ভোটকেন্দ্রগুলো ঘুরে নারী ভোটারের উপস্থিতি ব্যাপকহারে লক্ষ করা গেছে। কুমারখালী উপজেলার বানিয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়কেন্দ্রে আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষের কারণে বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১২টা ১০ মিনিট পর্যন্ত ৪০ মিনিট ভোট গ্রহণ বন্ধ ছিল। ওই সংঘর্ষে তিন পোলিং এজেন্টসহ আহত হন সাতজন। পরে কেন্দ্রের নিরাপত্তায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের মোতায়েন করা হয়।
নাম প্রকাশ না করার শর্তে এক আনসার সদস্য বলেন, ‘আওয়ামী লীগের লোকজন জোর করে বুথে প্রবেশ করে ভোট দিয়েছেন। আমাদের দাঁড়িয়ে দেখা ছাড়া কিছুই করার ছিল না।’ কেন্দ্রে উপস্থিত ম্যাজিস্ট্রেট নুরুল হাফিজ জানান, সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে দুই পোলিং এজেন্টকে বহিষ্কার করা হয়েছে।
হাসিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল থেকেই ব্যাপক ভোট কারচুপি করা হয় বলে অভিযোগ উঠেছে। সেখানে ১১টায় মানিক শেখ নামে এক ভোটার ভোট দিতে যান। তখন তাঁকে জানিয়ে দেওয়া হয়, তাঁর ভোট আগেই দেওয়া হয়েছে। ঘটনাটি মানিক শেখ সংবাদকর্মীদের জানালে আওয়ামী লীগের লোকজন তাঁকে মারধর করেন।
এ ছাড়া কুমারখালী উপজেলার মহেন্দ্রপুর, জোতপাড়া, জয়রামপুর, বাঁশগ্রাম এলাকায় ভোটকেন্দ্রগুলোতে ক্ষমতাসীন দলের লোকজন জোর করে ভোট দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এই উপজেলায় বিএনপির নেতৃত্বাধীন ১৯ দল-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী নুরুল ইসলাম আনসারও ভোট কারচুপির অভিযোগ করেছেন।
এদিকে কয়া ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয়কেন্দ্রে বেলা দুইটার দিকে ৫০-৬০ জন ভোটার লাইনে দাঁড়িয়ে থাকলেও পরে তাঁরা ভোট দিতে পারছিলেন না। ওই কেন্দ্রের সহকারী প্রিসাইডিং কর্মকর্তা বাবুল হোসেন বলেন, ব্যালট পেপার না থাকার কারণে ভোট নেওয়া সম্ভব হচ্ছে না। ভোটাররা অভিযোগ করেন, ব্যালট পেপার সব বুথ থেকে তুলে নেওয়া হয়েছিল। মিরপুর উপজেলায় আওয়ামী লীগের সমর্থকেরা ভোটকেন্দ্রে এজেন্ট ও বিএনপি-সমর্থিত ভোটারদের কেন্দ্রে যেতে বাধা দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। হালশা, আমলা, সদরপুর, মিরপুর এবং ফুলবাড়ী এলাকায় আওয়ামী লীগের লোকজন ভোটে কারচুপি করেছেন বলে অভিযোগ ওঠে। এসব অভিযোগ এনে বিএনপি-সমর্থিত প্রার্থী আবদুল হক ভোট বর্জন করে আগামীকাল আধা বেলা হরতাল ডেকেছেন।
খোকসা উপজেলা পরিষদের বিএনপি-সমর্থিত প্রার্থী আমজাদ হোসেন বলেন, ‘জোর করে কেন্দ্রে প্রবেশ করে আওয়ামী লীগের লোকজন ভোট কেটে নিয়েছে।’
জানতে চাইলে কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) মফিজ উদ্দীন আহম্মেদ বলেন, কয়েকটি ভোটকেন্দ্রে সামান্য সমস্যা ছাড়া তিন উপজেলায় শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।