কুষ্টিয়ায় ভ্যানচালক হত্যার দায়ে ছয়জনের মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া সদর উপজেলার জোতপাড়া গ্রামের ভ্যানচালক আবু বক্কর সিদ্দিক (৩৩) নামের এক যুবককে হত্যার দায়ে ছয়জনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রেজা মো. আলমগীর হাসান গতকাল মঙ্গলবার এ রায় ঘোষণা করেন।
রায় ঘোষণার সময় সাত আসামির মধ্যে পাঁচজন আদালতে উপস্থিত ছিলেন। একজন পলাতক আছেন এবং আরেক আসামি বন্দুকযুদ্ধে মারা গেছেন। পরে আসামিদের কুষ্টিয়া কারাগারে পাঠানো হয়।
সাজাপ্রাপ্ত আসামিরা হলেন সদর উপজেলার রাতুলপাড়া গ্রামের সাজ্জাদ, মাজেদ, শুকচাঁদ, রশিদুল ইসলাম, পূর্ব রাতুলপাড়া গ্রামের কালাই ওরফে জলিল মণ্ডল ও আলী। এর মধ্যে রাশিদুল পলাতক আছেন। মামলার অপর আসামি জামিরুল ইসলাম বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ভ্যানচালক আবু বক্কর ২০১২ সালের ১০ জুন বাড়ির সামনে তাঁর বড় ভাই নুর হক মণ্ডলের মুদি দোকানে বসে ছিলেন। রাত ১০টার দিকে একই গ্রামের সাজ্জাদ ও মাজেদ তাঁকে ডেকে নিয়ে যান। পরের দিন সকালে গ্রামের মাঠের মধ্যে তাঁর ক্ষতবিক্ষত লাশ পাওয়া যায়। ওই দিনই নিহত ব্যক্তির ভাই নুর হক মণ্ডল বাদী হয়ে সাজ্জাদ ও মাজেদের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত কয়েকজনকে আসামি করে কুষ্টিয়া মডেল থানায় হত্যা মামলা করেন।