কুষ্টিয়ায় মাদক ব্যবসায়ী-বিজিবি সংঘর্ষে আহত ৩
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের সঙ্গে মাদক ব্যবসায়ীদের সংঘর্ষে বিজিবির এক সদস্যসহ তিনজন আহত হয়েছেন। আজ বুধবার বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের পাকুড়িয়া-ভাংগাপাড়া সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত এলাকার মাদক ব্যবসায়ী ছয়েন উদ্দিনের ছেলে লাবু ও তাঁর ভাতিজা আশিকের নেতৃত্বে একটি চক্র মাদক পাচার করছে—এমন গোপন সংবাদ পেয়ে মহিষকুণ্ডি বিজিবি ক্যাম্পের টহল দল সেখানে অভিযান চালায়। বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারীরা অজ্ঞাত স্থানে মাদক লুকিয়ে রেখে পাকুড়িয়া-ভাংগাপাড়া সীমান্তের মাথাভাঙা নদীর তীরে অবস্থান নেয়।
মহিষকুণ্ডি বিজিবি কোম্পানির অধিনায়ক সুবেদার সাখাওয়াত হোসেন বলেন, লাবু ও তাঁর ভাতিজা আশিকের কাছে পাচার হতে যাওয়া মাদকের বিষয় জানতে চাইলে উল্টো বিজিবির ওপর চড়াও হয়ে তারা হামলা চালায়। তারা নুরুল ইসলাম নামের বিজিবির এক সদস্যের মাথায় আঘাত করলে তিনি আহত হন। এ সময় বিজিবির সদস্যরা লাবু ও আশিককে আটক করলে মাদক ব্যবসার সঙ্গে জড়িত অন্যরা বিজিবির ওপর হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিজিবির সদস্যরা কয়েকটি ফাঁকা গুলি ছোড়ে।
এদিকে সীমান্ত এলাকায় বিজিবির সদস্যরা গুলি ছুড়লে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সাধারণ মানুষ দিগ্বিদিক ছোটাছুটি করতে থাকে।
বিজিবি ৩২ ব্যাটালিয়নের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান প্রথম আলোকে বলেন, মাদকদ্রব্য উদ্ধার করতে গেলে চোরাকারবারিরা বিজিবির সদস্যদের ওপর হামলা চালায়। এতে এক সদস্য সামান্য আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েকটি ফাঁকা গুলি ছোড়া হয়। পরিস্থিতি এখন শান্ত।