কুষ্টিয়ায় মাদক মামলায় নারীর যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি পারভীন খাতুনকে রোববার রায় ঘোষণার পর আদালত থেকে বের করে নিয়ে যাওয়া হচ্ছে। ছবি: প্রথম আলো
কুষ্টিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি পারভীন খাতুনকে রোববার রায় ঘোষণার পর আদালত থেকে বের করে নিয়ে যাওয়া হচ্ছে। ছবি: প্রথম আলো

কুষ্টিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় এক নারীকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ রোববার দুপুর সাড়ে ১২টায় কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. তহিদুল ইসলাম এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত আসামি হলেন কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার সাতবাড়িয়া বিত্তিপাড়া গ্রামের কবির শেখের স্ত্রী পারভীন খাতুন (৪০)। রায় ঘোষণার সময় আদালতে তিনি উপস্থিত ছিলেন। রায়ের পর তাঁকে পুলিশি পাহারায় কুষ্টিয়া জেলা কারাগারে পাঠানো হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৫ সালের ২৫ নভেম্বর কুষ্টিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ভেড়ামারার সাতবাড়িয়া বিত্তিপাড়া গ্রামে পারভীন খাতুনের বাড়িতে অভিযান চালায়। সেখানে পারভীনকে আটক করে তাঁর দেহ তল্লাশি করে পলিথিনে মোড়ানো অবস্থায় ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করে। এর আনুমানিক মূল্য প্রায় ১০ লাখ টাকা। ওই দিনই পুলিশ বাদী হয়ে পারভীনকে আসামি করে ভেড়ামারা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে। মামলার তদন্ত শেষে আসামি পারভীন খাতুনের বিরুদ্ধে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। অভিযোগপত্রে উল্লেখ করা হয়, পারভীন খাতুন একজন মাদক ব্যবসায়ী এবং তাঁর বিরুদ্ধে আদালতে আরও দুটি মাদক মামলা বিচারাধীন রয়েছে। সাক্ষ্য গ্রহণ শেষে পারভীন খাতুনের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাঁকে এ দণ্ড দেন আদালত।

আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অনুপ কুমার নন্দী প্রথম আলোকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।