কুষ্টিয়ায় মুরগির হ্যাচারিতে চারপেয়ে মুরগি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চারপেয়ে মুরগি হাতে শাহীনুর। তাঁর খামারেই জন্মেছে এই মুরগি। ছবিটি তাঁর ফেসবুক থেকে সংগৃহীত।
চারপেয়ে মুরগি হাতে শাহীনুর। তাঁর খামারেই জন্মেছে এই মুরগি। ছবিটি তাঁর ফেসবুক থেকে সংগৃহীত।

চারপেয়ে মুরগি! এমন এক মুরগির দেখা মিলেছে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায়। সেখানে শাহীন পোলট্রি হ্যাচারি নামের একটি খামারে রয়েছে এই মুরগি। এর স্বাভাবিক দুই পায়ের পেছনে আরও দুটি পা রয়েছে। এটি সোনালি জাতের মুরগি।

ভেড়ামারা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ফজলুল হক প্রথম আলোকে বলেন, ‘এটি জেনেটিক কারণে হতে পারে। এর আগে তিন-চার পায়ের ছাগল ও গরু দেখা গেছে। আমি আমার ২২-২৩ বছরের চাকরিজীবনে এই প্রথম চারপেয়ে মুরগি দেখলাম।’

ভেড়ামারা উপজেলার বামনপাড়া গ্রামে রেললাইনে পাশে শাহীনুর রহমানের হ্যাচারি। সেখানে অন্তত তিন হাজার ডিমপাড়া (লেয়ার) সোনালি মুরগি রয়েছে। মূলত, শাহীন তাঁর হ্যাচারিতে এই মুরগি থেকে ডিম উৎপাদন করেন। সেই ডিম থেকে কৃত্রিম উপায়ে বাচ্চা ফুটিয়ে তা বিক্রি করেন। ডিমপাড়া মুরগিগুলো বয়সে বড় হয়ে গেলে সেগুলোও বিক্রি করে দেন।

আজ শনিবার সকালে শাহীনুর রহমান মোবাইল ফোনে প্রথম আলোকে জানান, তাঁর হ্যাচারিতে এর আগেও তিন বা চার পায়ের দুই থেকে তিনটি সোনালি মুরগি হয়। সেগুলো দু-এক সপ্তাহের মধ্যে মারা গেছে। চারপেয়ে মুরগিটির বয়স এখন তিন মাস। মুরগিটি ডিম দিচ্ছে। তিনি বলেন, মুরগিটি সুস্থ ও স্বাভাবিক। দুটি মূল পায়ের পাশে শরীর থেকে দুই পাশে আরও দুটি পা আছে। তবে এই দুটি পা মূল দুটি পায়ের তুলনায় একটু ছোট। মূল দুটি পা দিয়েই মুরগি হাঁটাচলা করে।

গত বছর প্রথম আলোয় ‘গ্রামে এক তরুণের ভাগ্যবদলের গল্প’ শিরোনামে শাহীনুর রহমানকে নিয়ে প্রতিবেদন ছাপা হয়।