কুষ্টিয়ায় মেয়রের বিরুদ্ধে থানায় অভিযোগ
কুষ্টিয়ায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফজলুর রহমানকে আগ্নেয়াস্ত্র প্রদর্শনসহ সরকারি কাজে বাধা দেওয়া ও প্রাণনাশের হুমকির অভিযোগে মডেল থানায় একটি অভিযোগ দেওয়া হয়েছে। গত মঙ্গলবার রাজস্ব বিভাগের অর্পিত সম্পত্তির শাখা সহকারী শেখ শিহাব উদ্দিন অভিযোগটি দায়ের করেন। দুপুরে তা সাধারণ ডায়েরি (জিডি) হিসেবে লিপিবদ্ধ করা হয়।এর প্রতিবাদে গতকাল বুধবার কুষ্টিয়ার পৌর পরিষদ মানববন্ধন করেছে। মানববন্ধনে বক্তারা মেয়রসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে জেলা প্রশাসনের আনা অভিযোগ ৭২ ঘণ্টার মধ্যে প্রত্যাহারের দাবি জানান।কুষ্টিয়া পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি আনোয়ার আলীসহ ১২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত দেড় শতাধিক ব্যক্তির বিরুদ্ধে এ অভিযোগ করা হয়েছে। এদিকে, মঙ্গলবার সকালে জেলা প্রশাসক বনমালী ভৌমিকের সভাপতিত্বে আইনশৃঙ্খলা-বিষয়ক এক বৈঠক হয়। বৈঠকে উপস্থিত সদস্যরা এ ঘটনার নিন্দা জানিয়ে অভিযোগ ওঠা ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা বলেন। জেলা প্রশাসক বনমালী ভৌমিক বলেন, সোমবারের ঘটনায় প্রয়োজনে আদালতে মামলা করা হবে।পুলিশ সুপার মফিজ উদ্দিন আহমেঞ্চদ বলেন, ‘জেলা প্রশাসক স্বাক্ষরিত একটি অভিযোগপত্র পেয়েছি। এটি জিডি হিসেবে গ্রহণ করা হয়েছে। তদন্ত করে পরে মামলা নেওয়া হবে।’