কুষ্টিয়ায় মোটরসাইকেল চোর চক্র সক্রিয়
কুষ্টিয়ায় বেপরোয়া হয়ে উঠেছে মোটরসাইকেল চোর চক্র। প্রতি রাতেই কোনো না কোনো বাড়িতে হানা দিয়ে গ্রিল কেটে মোটরসাইকেল চুরির ঘটনা ঘটছে। ৮ আগস্ট রাতে গোয়েন্দা পুলিশের এক কর্মকর্তার ভাড়া বাসা থেকে তিনটি মোটরসাইকেল চুরি গেছে। এ ব্যাপারে সদর থানায় মামলাও হয়েছে। পুলিশ ও বিভিন্ন সূত্রে জানা গেছে, গত দুই মাসে কুষ্টিয়া শহরসহ বিভিন্ন এলাকা থেকে ৩৫টিরও বেশি মোটরসাইকেল চুরি হয়েছে। পুলিশ পার্শ্ববর্তী পাবনা জেলা থেকে চুরি যাওয়া মোটরসাইকেলসহ একজনকে আটক করলেও থেমে নেই চক্রটি। প্রায় প্রতি রাতেই বাড়ির গ্রিল কেটে ঘরের ভেতরে থাকা মোটরসাইকেল নিয়ে যাচ্ছে চোরেরা। পুলিশ এখনো ওই চক্রের মূল হোতাদের ধরতে না পারায় মোটরসাইকেল মালিকেরা আতঙ্কে রয়েছেন। ৮ আগস্ট রাতে শহরের পশ্চিম মজমপুর এলাকার হিরা ম্যানশনের গ্রিল কেটে কুষ্টিয়া গোয়েন্দা পুলিশের কর্মকর্তা আবদুল আলিম, জেনাস ফার্মাসিউটিক্যালসের বিতরণ কর্মকর্তা মীর বদরুদ্দোজা সবুজ ও এসিআই লিমিটেডের কর্মকর্তা এম এম ওয়াহিদুজ্জামানের মোটরসাইকেল চুরি করে চোরেরা। গত ১৬ জুলাই রাতে শহরের হাউজিং এলাকায় স্কুলশিক্ষক শরিয়ত আলীর বাড়ির গ্রিল কেটে চোর চক্র মোটরসাইকেল নিয়ে যায়। এর আগে ৮ জুলাই রাতে মজমপুর এলাকা থেকে ব্যবসায়ী আসাদুজ্জামানের, ১০ জুলাই ব্যাংকার নয়ন মল্লিকের, ১০ জুন ব্যবসায়ী খন্দকার রাহামাতুর রবের মোটরসাইকেল চুরি হয়। গত ১৪ জুন ইসলামী বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা শাহেদ আহামেদের কমলাপুরের বাড়ির একাধিক গ্রিল কেটে মোটরসাইকেল নিয়ে যায় চোর চক্র। পরে সেটি পাবনা থেকে উদ্ধার ও আটক করা হয় দুই চোরকে। তাদের স্বীকারোক্তি অনুয়ায়ী কুষ্টিয়া শহর থেকে আরও দুই চোরকে আটক করে পুলিশ। কিন্তু চক্রের মূল হোতারা ধরাছোঁয়ার বাইরেই রয়ে গেছে। খোঁজ নিয়ে জানা গেছে, গত কয়েক মাস হঠাৎ করেই সক্রিয় হয়ে ওঠে মোটরসাইকেল চোর চক্র। সুরক্ষিত ও কড়া নিরাপত্তার মধ্যে মোটরসাইকেল রেখে শান্তিতে ঘুমাতে পারছেন না মালিকেরা। এ ব্যাপারে থানায় অভিযোগ দিলেও কোনো কাজ হচ্ছে না।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শহর থেকে চুরি হওয়া মোটরসাইকেল রাতারাতি চলে যাচ্ছে পাবনাসহ বিভিন্ন জেলায়। সেখানে গিয়ে বদলে ফেলা হচ্ছে গাড়ির রং। বসানো হচ্ছে নতুন নম্বরপ্লেট। বিআরটিসি থেকে তৈরি করা হচ্ছে জাল কাগজপত্র। সম্প্রতি আটক হওয়া চোরেরা এ রকম তথ্য দিয়েছে।এ বিষয়ে কুষ্টিয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, চোর চক্রটি খুবই শক্তিশালী। পাবনা থেকে একটি চক্রকে আটক করলেও চুরি বন্ধ হচ্ছে না। এ নিয়ে পুলিশের একাধিক দল কাজ করে যাচ্ছে। পাবনা থেকে আটক চোরেরা অনেক চাঞ্চল্যকর তথ্য দিয়েছে। অচিরেই মূল হোতাদের আটক করা সম্ভব হবে।