কুষ্টিয়ায় যুবক হত্যার দায়ে দুজনের মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার দৌলতপুরে অপহরণের পর সবুজ নামের এক যুবককে হত্যার মামলায় রুবেল (২৩) ও সুজন (২২) নামের দুই যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক রেজা মো. আলমগীর হাসান এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। 

মামলার এজাহারে বলা হয়েছে, ২০১১ সালের ৯ সেপ্টেম্বর সবুজ মোল্লাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান রুবেল ও সুজন। পরবর্তী সময় ১০ সেপ্টেম্বর সকালে মিরপুর রেল লাইনের পাশে সবুজের লাশ পাওয়া যায়। সবুজের চাচা মনিরুল ইসলাম বাদী হয়ে দৌলতপুর থানায় রুবেল ও সুজনসহ আরও অজ্ঞাত সাত-আটজনের বিরুদ্ধে অপহরণ ও হত্যা মামলা করেন।
পুলিশি অভিযানে রুবেল ও সুজন গ্রেপ্তার হওয়ার পর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। সবুজকে জবাই করে হত্যার কথা স্বীকার করেন তাঁরা। তাঁদের কাছ থেকে ছিনতাই করা মোটরসাইকেল ও মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ।
মামলার বাদী মনিরুল ইসলাম বলেন, ‘রায়ে তাঁরা সন্তুষ্ট। রায় দ্রুত কার্যকর হলেই সন্তান হত্যার বিচার পাব।’
বাদী পক্ষে হয়ে মামলাটি পরিচালনা করেন কৌঁসুলি অনুপ কুমার নন্দী ও আসামি পক্ষের আইনজীবী ছিলেন খন্দকার সিরাজুল ইসলাম।