কুষ্টিয়ায় যুবককে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া সদর উপজেলার বাড়াদি গ্রামে আসাদুজ্জামান ওরফে শাওন (২৪) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে পুলিশ ওই গ্রামের মাঠ থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। আসাদুজ্জামান বাড়াদি গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল সোমবার বেলা তিনটার দিকে আসাদুজ্জামান বাড়ি থেকে বের হন। রাতে বাড়ি না ফিরলে তাঁর পরিবারের সদস্যরা মুঠোফোনে যোগাযোগ করে সেটি বন্ধ পায়। আজ সকাল নয়টার দিকে স্থানীয়রা গ্রামের পাশে মাঠে লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। কুষ্টিয়া মডেল থানার পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

শাওনের বড় ভাই আলমগীর হোসেন প্রথম আলোকে বলেন, ‘এলাকার কিছু বখাটে ছেলে মাঠের পাশে বটতলায় জুয়া ও মাদকের ব্যবসা করত। আমরা দুই ভাই এসব করতে নিষেধ করায় ওই বখাটেরা ক্ষিপ্ত হয়ে কয়েক দিন আগে বাড়িতে এসে হুমকিও দিয়ে যায়। ধারণা করা হচ্ছে, এসব কারণেই আমার ভাইকে হত্যা করা হয়েছে। এ ব্যাপারে থানায় হত্যা মামলা করা হবে।’

কুষ্টিয়া মডেল থানার জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার খন্দকার লাবণী বলেন, লাশের গায়ে কোপানোর একাধিক চিহ্ন দেখা গেছে। দোষীদের ধরতে পুলিশ তত্পর রয়েছে।