কুষ্টিয়ায় যুবককে কুপিয়ে হত্যা
কুষ্টিয়ার মিরপুর উপজেলায় আলমগীর হোসেন (৩৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত শুক্রবার সকালে উপজেলার কুর্শা ইউনিয়নের মল্লিকপুর গ্রাম থেকে পুলিশ তাঁর লাশ উদ্ধার করেছে। আলমগীর ওই গ্রামের মৃত হামজা হোসেনের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আলমগীরের সঙ্গে একই গ্রামের কুরন আলীর ছেলে কামাল হোসেনের বন্ধুত্বের সম্পর্ক ছিল। একপর্যায়ে কামালের স্ত্রীর সঙ্গে আলমগীরের পরকীয়ার সম্পর্ক গড়ে ওঠে। দুই মাস আগে এ ঘটনাটি জানাজানি হলে কামাল আলমগীরকে তাঁর বাড়িতে আসতে নিষেধ করেন। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে আলমগীর কামালের বাড়ির সামনে যান। সেখানে কয়েকজন দুর্বৃত্ত আলমগীরকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যান। হাপসাতালের নেওয়ার পথে আলমগীর মারা যান।
জেলের মৃতদেহ উদ্ধার: মংলা (বাগেরহাট) প্রতিনিধি জানান, পূর্ব সুন্দরবনের শেলা নদীতে গত বৃহস্পতিবার সকালে নিখোঁজ হওয়া জেলে জাহাঙ্গীরের ক্ষত-বিক্ষত মৃতদেহ শুক্রবার সন্ধ্যায় উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার সকাল নয়টার দিকে শেলা নদীর বাদামতলা খালের মুখে টানা জাল (নেট) দিয়ে পোনা মাছ ধরার সময় একটি কুমির জাহাঙ্গীরকে আক্রমণ করে। কুমিরটি জাহাঙ্গীরের পা কামড়ে ধরে নিয়ে যায়।