কুষ্টিয়ায় যুবককে গলা কেটে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ায় গতকাল শনিবার এক যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত যুবকের নাম ইব্রাহীম হোসেন (২৮)। তিনি কুষ্টিয়া শহরের পূর্ব মজমপুর এলাকার সদরউদ্দিনের ছেলে। এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রের বিবরণ অনুযায়ী, ইব্রাহীম তিন বছর আগে বিয়ে করে নতুন পেয়ারাতলা এলাকায় একটি টিনের বাড়িতে ভাড়া থাকতেন। একই বাড়ির পাশের কক্ষে জহুরা খাতুন (৫৫) নামের এক বৃদ্ধ থাকতেন। ওই বৃদ্ধ বেলা আড়াইটার দিকে ঘরের মধ্যে ইব্রাহীমের গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে চিৎকার দেন। পরে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পুলিশ বেলা তিনটার দিকে ইব্রাহীমের লাশ উদ্ধার করে। জহুরা খাতুন জানান, বেলা ১১টার দিকে তিনি কাজের জন্য বাইরে যান। এ সময় তিনি ইব্রাহীমের সঙ্গে আরও দুজনকে গল্প করতে দেখেন। বেলা আড়াইটার দিকে বাড়ি ফিরে তিনি ঘরের মধ্যে ইব্রাহীমের লাশ পড়ে থাকতে দেখেন। ইব্রাহীমের স্ত্রী গোলাপী খাতুন বলেন, ইব্রাহীম গাজা, ফেনসিডিলের ব্যবসা করতেন। তাঁকে (গোলাপী) দিয়ে মাদকের ব্যবসা করানোর কথা বলতেন। এ ছাড়া বাইরের লোক ঘরে এনে খারাপ কাজের প্রস্তাব দিতেন। এর প্রতিবাদ করলে মারধর করতেন। এ কারণে এক মাস আগে তিনি দুই বছরের ছেলে ইসমাইল হোসেনকে নিয়ে মায়ের বাড়ি যান। তিনি আরও বলেন, ‘ওর মইরি যাওয়াতে আমি অত্যাচার থেকে বাঁচনু।’ঘটনার পরপরই ডিসি বনমালী ভৌমিক ও পুলিশ সুপার মফিজ উদ্দিন আহমেঞ্চদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা প্রথম আলোকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদকসংক্রান্ত ব্যাপারে ইব্রাহীম খুন হয়েছেন। বাড়ির আশপাশে লোকজন থাকায় দুর্বৃত্তরা তাঁকে বালিশচাপা দিয়ে বঁটি দিয়ে জবাই করেছে বলে ধারণা করা হচ্ছে। এ হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের শিগগিরই গ্রেপ্তার করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।