কুষ্টিয়ায় যুবককে জবাই করে হত্যা, চারজন গ্রেপ্তার
কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়া এলাকার বাসিন্দা রেজাউল মোল্লাকে (২৭) কুপিয়ে ও জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার সকাল সাতটার দিকে শহরের চাঁদাগাড়া মাঠের পাশে পৌরসভার নর্দমা থেকে তাঁর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ।এ ঘটনার চার ঘণ্টার মধ্যে কুষ্টিয়ার সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) সি এ হালিমের নেতৃত্বে একদল পুলিশ শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে হত্যায় ব্যবহূত চাপাতিসহ চারজনকে গ্রেপ্তার করেছে।গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন আড়ুয়াপাড়ার বাসিন্দা জুয়েল রহমান, মীর সাইমুম ইসলাম ওরফে জিকু, শামীম হোসেন ও আলম হোসেন। এ ব্যাপারে রেজাউলের ভাই রবিউল ইসলাম গ্রেপ্তার হওয়া চারজনসহ নয়জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে সদর থানায় হত্যা মামলা করেছেন।গতকাল সকালে লাশ উদ্ধারের সময় রবিউল পুলিশকে জানান, তাঁর ভাই রেজাউল চায়ের দোকানি ছিলেন। বৃহস্পতিবার রাত ১০টার দিকে প্রতিবেশী জুয়েলসহ কয়েকজন যুবক রেজাউলকে ডেকে নেন। রাত একটার দিকে একজন মুঠোফোনে তাঁকে জানান, রেজাউলকে হত্যা করা হয়েছে।রেজাউলের লাশ উদ্ধারের সময় জবাই করা এবং শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন দেখা গেছে। ময়নাতদন্তের জন্য লাশটি কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।পুলিশ কর্মকর্তা সি এ হালিম প্রথম আলোকে জানান, রবিউলের মৌখিক অভিযোগের ভিত্তিতে গতকাল সকাল আটটার দিকে শহরের চাউলের বর্ডার এলাকায় জিকুর নানার বাড়িতে অভিযান চালানো হয়। ওই সময় রক্তমাখা লুঙ্গি পরে ঘুমাচ্ছিলেন জিকু। তাঁকে গ্রেপ্তারের পর ওই বাড়ির একটি ঘরের বিছানার নিচ থেকে রেজাউলের হত্যায় ব্যবহূত রক্তমাখা নতুন চাপাতি উদ্ধার করা হয়। পরে জিকুর দেওয়া তথ্যের ভিত্তিতে বেলা ১১টার মধ্যে শহরের বিভিন্ন এলাকা থেকে জুয়েল, আলম ও শামীমকে গ্রেপ্তার করা হয়।সি এ হালিম আরও জানান, জিকু ও জুয়েল রেজাউলকে হত্যার কথা প্রাথমিকভাবে স্বীকার করেছেন। তাঁরা জানিয়েছেন, মুঠোফোন কেনাবেচার টাকা নিয়ে শত্রুতার জের ধরে রেজাউলকে হত্যা করা হয় এবং হত্যাকাণ্ডে নয়জন অংশ নেন।