কুষ্টিয়ায় যুবলীগ নেতাকে অপহরণের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার মিরপুর উপজেলার সাতগাছী তিন রাস্তার মোড় থেকে গতকাল শনিবার এক যুবলীগ নেতাকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ওই নেতার নাম মাসুম আলী (৪২)। তিনি উপজেলার বারুইপাড়া ইউনিয়ন যুবলীগের সহসভাপতি। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান বলেন, মাসুম আলী অপহরণের ব্যাপারে থানায় কেউ অভিযোগ করতে আসেনি। মাসুমের বড় ভাই ফিরোজুর রহমান প্রথম আলোর কাছে অভিযোগ করেন, শনিবার সকাল পৌনে ১০টার দিকে তাঁর ভাই মাসুম ও চাচা মতিয়ার রহমান মোটরসাইকেলে করে স্থানীয় পানের হাটে যাচ্ছিলেন। সাতগাছী তিন রাস্তার মোড়ে দুটি মোটরসাইকেলে হেলমেট পরা চার ব্যক্তি তাঁদের গতিরোধ করে। ওই চারজনের একজন পিস্তল বের করে ডিবি পুলিশ পরিচয় দিয়ে মাসুমকে মোটরসাইকেলে উঠিয়ে নিয়ে যায়। ফিরোজুর আরও বলেন, ঘটনার পরপরই পুলিশ ও র‌্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হয়। তাঁদের হেফাজতে কেউ নেই বলে জানানো হয়। তিনি বলেন, তাঁদের ধারণা, সন্ত্রাসীরা তাঁর ভাইকে অপহরণ করতে পারে। কুষ্টিয়ার সহকারী পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) সি এ হালিম বলেন, ‘শুনেছি মাসুম জনৈক ইউনুস আলী হত্যা মামলার প্রধান আসামি ছিলেন। ২১ বছর যাবজ্জীবন কারাভোগের পর রাষ্ট্রপতির সাধারণ ক্ষমায় গত বছর তিনি কারাগার থেকে মুক্তি পান।’