কুষ্টিয়ায় যুবলীগের কর্মী খুনের ঘটনায় থানায় এজাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার মিরপুরের আমলা বাজারে আধিপত্য বিস্তার নিয়ে গত রোববার আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে যুবলীগের কর্মী শাহাবুদ্দিন আহমেদ নিহত হওয়ার ঘটনায় থানায় এজাহার জমা দেওয়া হয়েছে। খুনের ঘটনার প্রতিবাদে গতকাল মঙ্গলবার ওই বাজারের প্রায় ৫০০ দোকান আধা বেলা বন্ধ ছিল।

রোববার বিকেলের এ সংঘর্ষের ঘটনায় সাইদুল ইসলাম নামের আহত এক যুবক সংকটাপন্ন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে নিবিড় পরিচর্যা ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন। এ ছাড়া শাহাবুদ্দিনের বাবা শাজাহান আলী রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ও আতিয়ার রহমান নামের আরেকজন কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

মিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান কামারুল আরেফিন এবং উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও আমলা ইউপির চেয়ারম্যান আনোয়ারুল ইসলামের কর্মী-সমর্থকদের মধ্যে ওই সংঘর্ষ হয়।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, আনোয়ারুল ইসলামের ভাই বাদী হয়ে একটি এজাহারপত্র গতকাল বিকেলে থানায় নিয়ে এসেছিলেন। সেখানে কিছু ত্রুটি থাকায় তা পুনরায় লিখে আনতে বলা হয়েছে। ঘটনার দিন আটক তিনজন ছাড়া আর কাউকে আটক করা সম্ভব হয়নি। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহভাজন লোকজনের বাড়িতে প্রতিদিনই অভিযান চালানো হচ্ছে। কিন্তু তাঁদের পাওয়া যাচ্ছে না।