কুষ্টিয়ায় রিমান্ড শেষে ইমামসহ ৩ জন কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফসলের মাঠে নারীদের যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারির অপরাধে দায়ের করা মামলায় গ্রেপ্তার ইমামসহ তিনজনকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে তাঁদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।

তবে তাঁদের আবারও পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা হয়েছে। আগামী রোববার এর ওপর শুনানি হবে।

পুলিশ সূত্র জানায়, ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে কুষ্টিয়ার কুমারখালী থানায় দায়ের করা মামলায় মোট ছয়জন কারাগারে গেলেন। এঁদের মধ্যে ইমাম, মসজিদ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক রয়েছেন। গতকাল বুধবার এঁদের এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল।

মামলার তদন্তকারী কর্মকর্তা কুমারখালী থানার উপপরিদর্শক (এসআই) বিপ্লব কান্তি সরদার প্রথম আলোকে বলেন, কল্যাণপুর জামে মসজিদের পেশ ইমাম আবু মুছা, মসজিদ কমিটির সভাপতি আলতাব হোসেন, সাধারণ সম্পাদক মতিয়ার রহমানকে রিমান্ড শেষে আজ বিকেলে কুষ্টিয়া জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে (কুমারখালী আমলি আদালত) হাজির করা হয়। পরে তাঁদের কারাগারে পাঠানো হয়।

গত শুক্রবার গ্রামের মসজিদ থেকে নারীদের মাঠে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। এ নিয়ে প্রথম আলোতে সংবাদ প্রকাশিত হলে গত মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১টায় কুমারখালী থানার উপপরিদর্শক শেখ রাজিব আল রশিদ বাদী হয়ে এ মামলা করেন। মামলায় ১৯ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাত আরও ১০-১৫ জনকে আসামি করা হয়েছে।