কুষ্টিয়ায় লরির চাপায় পুলিশের নায়েক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের মোল্লাতেঘরিয়া সেতুর কাছে লরির চাপায় পুলিশের এক নায়েক নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত সোয়া তিনটার দিকে এ ঘটনা ঘটে।নিহত পুলিশের নাম নজরুল ইসলাম (৩৮)। তিনি ঝিনাইদহ সদর উপজেলার শৈলকুপা গ্রামের বাহাদুর হোসেন জোয়ার্দ্দারের ছেলে এবং কুষ্টিয়া শহরের হাউজিং পুলিশ ক্যাম্পে নায়েকের দায়িত্বে ছিলেন। হাউজিং পুলিশ ক্যাম্পের কর্মকর্তা সরোয়ার খান বলেন, মঙ্গলবার রাতে নজরুল ইসলামসহ চারজন পুলিশ কুষ্টিয়া টার্মিনাল থেকে মোল্লাতেঘরিয়া পর্যন্ত টহলের দায়িত্বে ছিলেন। রাত তিনটার দিকে মোল্লাতেঘরিয়া সেতুর কাছে গাড়ির যানজট লাগলে নজরুল ইসলাম তা ছাড়াতে কাজ করছিলেন। সোয়া তিনটার দিকে হঠাৎ কুষ্টিয়াগামী একটি লরি তাঁকে চাপা দিয়ে দ্রুত চলে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। তাঁকে উদ্ধার করে কুষ্টিয়া পুলিশ লাইনে নেওয়া হয়। পুলিশ লরিটি আটক করলেও চালক ও তাঁর সহকারী দৌড়ে পালিয়ে যান। কুষ্টিয়া পুলিশ লাইনের রিজার্ভ ইন্সপেক্টর (আরআই) রকিব উদ্দিন বলেন, পুলিশ লাইনে জানাজা শেষে মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে লাশ তাঁর গ্রামের বাড়ি পাঠানো হয়েছে। নজরুল ইসলামের স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে আছে।