কুষ্টিয়ায় লরির তেলে পড়ে তিন শ্রমিকের মৃত্যু
কুষ্টিয়ার কিয়াম মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডে গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে তেলের লরির ভেতর পড়ে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। তাঁরা হলেন: খুলনার দৌলতপুর উপজেলার উত্তর কাশিপুর মেঘনা সড়কের সিরাজুল ইসলামের ছেলে মেহেদী হাসান সোহাগ (২৮), রিপন হোসেন (৪৫) ও মিন্টু (৪৬)। এ ঘটনায় সাংবাদিকেরা সংবাদ সংগ্রহ করতে কারখানায় গেলে তাঁদের ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। কুষ্টিয়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) আরিফুল ইসলাম তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ ও কয়েকটি সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে কিয়াম মেটালের ভেতরে ফার্নেস তেলবাহী দুটি ট্যাঙ্কলরি ঢোকে। এ সময় একটি লরির শ্রমিকেরা তেল নামাতে শুরু করেন। লরির ওপরের ঢাকনা খুলতে গিয়ে তেলের ভেতরে এক শ্রমিক পড়ে যান। আরেক শ্রমিক তাঁকে উদ্ধার করতে ট্যাঙ্কের ভেতরে নামেন। তাঁদের দুজনের কোনো সাড়াশব্দ না পেয়ে তৃতীয়জনও ভেতরে নামেন। তিনজনই অক্সিজেনের অভাবে মারা যান। ঘটনার পর কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সদস্যরা রাত আটটার দিকে ঘটনাস্থলে গিয়ে তিনজনের লাশ উদ্ধার করেন। খবর পেয়ে সাংবাদিকেরা গেলে তাঁদের বাধা দেওয়া হয়। প্রায় এক ঘণ্টা কারখানার প্রধান ফটকের সামনে দাঁড়িয়ে থেকে সাংবাদিকেরা ফিরে আসেন। কুষ্টিয়া ফায়ার সার্ভিসের উপপরিচালক শাওকত হোসেন বলেন, ধারণা করা হচ্ছে, অক্সিজেনের অভাবে তিনজনের মৃত্যু হয়েছে।