কুষ্টিয়ায় লিফলেট বিতরণের সময় ছাত্রদলের নয় কর্মী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া জেলা শহর থেকে গত মঙ্গলবার রাতে পুলিশ জেলা ছাত্রদলের নয়জন কর্মীকে গ্রেপ্তার করেছে। ‘ফেলানি ঝুলছে না, ঝুলছে বাংলাদেশ’ শিরোনামের লিফলেট বিতরণের সময় তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ছাত্ররা হলেন: সাদেকুল ইসলাম, ইয়ার আলী, সুজন, জাহাঙ্গীর আলম, শাহারিয়ার ফয়সাল, রবিউল ইসলাম, লিয়াকত আলী, মেহেদী হাসান মিঠু ও মাহাফুজুর রহমান।পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত নয়টার দিকে এনএস রোড-সংলগ্ন বিএনপির কার্যালয়ের সামনে থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। লিফলেটে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে কুড়িগ্রাম সীমান্তে নিহত ফেলানির দেহ কাঁটাতারে ঝুলিয়ে রাখার ছবি রয়েছে। পুলিশ বলেছে, লিফলেটে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনিকে কটূক্তি করা হয়েছে। এ লিফলেটে সরকারের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য রয়েছে। কুষ্টিয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, আটক ব্যক্তিদের সবাই ছাত্রদলের কর্মী। তাঁদের গতকাল বুধবার সকালে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। তাঁদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা হতে পারে।