কুষ্টিয়ায় শহর আ.লীগের বিশেষ বর্ধিত সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৌর নির্বাচন সামনে রেখে গতকাল সোমবার বিশেষ বর্ধিত সভা করেছে কুষ্টিয়া শহর আওয়ামী লীগ। ওই সভায় প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া-১ আসনের সাংসদ ও কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। সভায় জেলার পৌরসভাগুলোর দলীয় মনোনীত প্রার্থীরাও উপস্থিত ছিলেন।
দলীয় সূত্রে জানা গেছে, শহরের বঙ্গবন্ধু মার্কেটের চতুর্থ তলায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ে গতকাল বিকেলে ওই সভা হয়।
সভায় পৌর নির্বাচনে মেয়র প্রার্থীদের জয়ী করতে বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা হয়। এ ছাড়া যেসব এলাকায় সমস্যা রয়েছে, তা সমাধান করার ওপর জোর দেওয়া হয়। সভায় জেলা, উপজেলা, পৌরসভাসহ বিভিন্ন ওয়ার্ডের নেতা-কর্মী ও আওয়ামী লীগের মনোনীত প্রার্থীরা অংশ নেন। এতে সহযোগী সংগঠনের নেতারাও উপস্থিত ছিলেন।
ওই সভায় সভাপতিত্ব করেন কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সভাপতি তাইজাল আলী খান। সভায় মাহবুব উল আলম হানিফ ছাড়াও বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সহসভাপতি রবিউল ইসলাম, সদর পৌরসভায় দলের মনোনীত মেয়র প্রার্থী ও জ্যেষ্ঠ নেতা আনোয়ার আলী, স্বাচিপ নেতা আমিনুল হক, সদর থানা আওয়ামী লীগের সভাপতি আক্তারুজ্জামান মাসুম, সাধারণ সম্পাদক আখতারুজ্জামান বিশ্বাস প্রমুখ।
সভার বিষয়ে জানতে চাইলে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী বলেন, পৌর নির্বাচন সামনে রেখে শহর আওয়ামী লীগের আয়োজনে দলের নেতা-কর্মীদের নিয়ে ওই বর্ধিত সভা করা হয়েছে। সভায় সদর আসনের সাংসদ মাহবুব উল আলম হানিফ উপস্থিত ছিলেন। দলের মনোনীত প্রার্থীদের জয়ী করতে সভায় আলাপ-আলোচনা হয়েছে।