সরকারের কাছ থেকে ইজারা নেওয়া কুষ্টিয়ার শাহ মখদুম টেক্সটাইল মিলের (সাবেক মোহিনী মিল) দামি ও ভারী যন্ত্রাংশ ট্রাকে করে সরিয়ে নেওয়ার সময় তা আটক করেছে স্থানীয় জনতা। গতকাল শনিবার দুপুরে যন্ত্রাংশবোঝাই ট্রাক মিলগেট থেকে বের হওয়ার সময় স্থানীয় জনতা আটকে দেয়। এ সময় শাহ মখদুম গ্রুপের চেয়ারম্যান জয়নাল আবেদিন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।অভিযোগ উঠেছে, স্থানীয় আওয়ামী লীগের কয়েকজন নেতার সহযোগিতায় কোনো অনুমতি ছাড়াই কোটি টাকা মূল্যের যন্ত্রাংশ গোপনে বিক্রি করছিলেন জয়নাল আবেদিন। এ নিয়ে কুষ্টিয়া শহরে উত্তেজনা ছড়িয়ে পড়লে মিলের সামনে কয়েক হাজার জনতা জড়ো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লোকজনকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। তারা না সরলে পুলিশ লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এতে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, লাবলু, আশরাফুলসহ ১৫ জন আহত হন।এলাকাবাসী জানান, চার-পাঁচ দিন আগে শাহ মখদুম গ্রুপের চেয়ারম্যান জয়নাল আবেদিন তিনটি বড় ট্রাক নিয়ে পুরোনো মোহিনী মিলের অংশে ঢোকেন। সেখানে ৪০-৫০ জন শ্রমিক মিলের যন্ত্রাংশগুলো খুলে ট্রাকে তুলে দেন। বন্ধ থাকা এ ইউনিটে মিলের কোটি কোটি টাকা মূল্যের সবচেয়ে দামি ও ভারী যন্ত্রাংশ রয়েছে। দামি পুরোনো যন্ত্রাংশ ট্রাকে তোলার সময় স্থানীয় লোকজনের সন্দেহ হলে তারা ট্রাক আটকে দেয়। এ ঘটনা জানাজানি হলে সেখানে এলাকার হাজার হাজার মানুষ জড়ো হয়। মিলের যন্ত্রাংশ পাচারের ঘটনায় তারা বিক্ষোভে ফেটে পড়ে। মিছিল করে দোষী ব্যক্তিদের শাস্তির দাবি জানায়।খোঁজ নিয়ে জানা গেছে, রুগ্ণ ও বন্ধ প্রতিষ্ঠান হিসেবে মোহিনী মিলকে সরকারের কাছ থেকে ইজারা নেয় দ্য পিপলস ডেভেলপমেন্ট করপোরেশন লিমিটেড। পরে শর্ত সাপেক্ষে মিলটি বেসরকারি প্রতিষ্ঠান শাহ মখদুম গ্রুপের কাছে হস্তান্তর করে তারা। তবে মিলের মাত্র একটি অংশ চালু করে শাহ মখদুম গ্রুপ। পুরোনো মোহিনী মিলের বড় অংশ আগের অবস্থায়ই পড়ে ছিল। পুরোনো কয়েকটি ইউনিটে ভারী যন্ত্রপাতি রয়েছে।যন্ত্রপাতি সরিয়ে নেওয়ার ব্যাপারে দ্য পিপলস ডেভেলপমেন্ট করপোরেশন লিমিটেডের চেয়ারম্যান আবদুর রহমান প্রথম আলোকে বলেন, সরকার দ্য পিপলস ডেভেলপমেন্ট করপোরেশনের মাধ্যমে শাহ মখদুম গ্রুপকে ওই মিলের যাবতীয় যন্ত্রাংশ ও সম্পত্তি হস্তান্তর করেছে। এরপর ওই মিলের মালিক যন্ত্রাংশ নিয়ে যা কিছু তা-ই করতে পারে। তবে পুরোনো যন্ত্রপাতি সরিয়ে সেখানে নতুন যত্রাংশ বসানোর কাজ চলছে।শাহ মখদুম মিলের চেয়ারম্যান জয়নুল আবেদিনের সঙ্গে তাঁর মুঠোফোনে কয়েকবার যোগাযোগ করা হলে ফোনটি বন্ধ পাওয়া যায়। এ ব্যাপারে রাত আটটার দিকে কুষ্টিয়া আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া পৌরসভার মেয়র আনোয়ার আলী, জেলা জাসদের সভাপতি গোলাম মহসীন সংবাদ সম্মেলন করেন।এ ব্যাপারে সদর থানার উপপরিদর্শক (এসআই) জিয়াউল আহসান গতকাল রাতে প্রথম আলোকে বলেন, কারখানার নিরাপত্তাকর্মীদের মারধর করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ জনতাকে লাঠিপেটা করতে বাধ্য হয়।