কুষ্টিয়ায় শিশুর ওপর এসিড যুবক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া শহরের থানাপাড়ায় গত মঙ্গলবার সাদনা (৪) নামের এক শিশুর ওপর এসিড ছোড়া হয়েছে। এ ঘটনায় দায়ের করা মামলায় প্রতিবেশী যুবক রঞ্জু ইসলামকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ।শিশুটির পরিবারের সদস্যদের দাবি, বিবাদের জের ধরে আক্রোশ মেটাতে রঞ্জু এ ঘটনা ঘটিয়েছে। এ ব্যাপারে গতকাল রঞ্জুর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।সাদনার মা রেহেনা খাতুনের ভাষ্যমতে, পাঁচ-ছয় দিন আগে তাঁর বড় মেয়ে শর্মীর (১০) সঙ্গে ব্যাডমিন্টন খেলা নিয়ে প্রতিবেশী যুবক রঞ্জুর বাগিবতণ্ডা হয়। এর জের ধরে তাঁদের ওপর ক্ষিপ্ত ছিল রঞ্জু।রেহেনা অভিযোগ করেন, গত মঙ্গলবার বেলা ১১টার দিকে সাদনা ঘরের ভেতর জানালার পাশে খেলছিল। এ সময় রঞ্জু জানালা দিয়ে সিরিঞ্জে করে তার ওপর এসিড ছোড়ে। এতে সাদনার মুখের বাঁ পাশ ও ঘাড়ের কিছু অংশ ঝলসে যায়। বেলা একটার দিকে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।শিশুর বাবা সাইফুল ইসলাম বলেন, মঙ্গলবার বিকেলে এ ঘটনায় মামলার জন্য কুষ্টিয়া মডেল থানায় যাওয়ার পথে রঞ্জু তাঁকে মামলা না করতে হুমকি দেন। এতে মামলা না করেই তিনি বাড়ি ফিরে আসেন।মডেল থানার উপপরিদর্শক (এসআই) ওবাইদুল হক প্রথম আলোকে বলেন, শিশুটির ওপর এসিড ছোড়া হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। তবে তার অবস্থা গুরুতর নয়। সে এখন বাড়িতেই আছে। এ ঘটনায় সাদনার দাদি হামিদা খাতুন বাদী হয়ে গতকাল সকালে একটি মামলা করেন। পরে রঞ্জুকে গ্রেপ্তার করা হয়।